দৈনিক গ্রামের কাগজের বিশেষ সম্মাননা পেলেন মাসুদ রানা
সংবাদদাতা: উৎসবমুখর পরিবেশে যশোরের ঐতিহ্যবাহী সংবাদপত্র ‘দৈনিক গ্রামের কাগজ’-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক বনভোজন উদযাপিত হয়েছে। শুক্রবার যশোরের রাজারহাটের ‘ক্ষণিকা পিকনিক কর্নারে’ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও পত্রিকার সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি চন্দন দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মমিনুল ইসলাম মবিন বলেন, “দৈনিক গ্রামের কাগজ দীর্ঘ ২৭ বছর ধরে আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। এই পত্রিকা সর্বদা সত্যের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না।”
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি মাসুদ রানাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রধান অতিথি তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক এস এম রেজাউল ইসলাম, মোতাহার হোসেন, আব্দুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ ও আকর্ষণীয় লটারি ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততা ভুলে সহকর্মীদের সঙ্গে এই মিলনমেলায় অংশ নিয়ে সংবাদকর্মীরা সমাজ পরিবর্তনে আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।







