ধেয়ে আসছে ভয়াবহ টাইফুন ‘বাভি’, সতর্কতা জারি
জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বর্ষণ ও প্রচণ্ড বেগে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। পরে এটি তাইওয়ানের দিকে অগ্রসর হওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্যা ও ভূমিধসের বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। শনিবার (১১ জুলাই) রয়টার্স এ খবর জানিয়েছে।
এ আশঙ্কায় চীনের পূর্বাঞ্চলীয় প্রধান শহর ওয়েনঝো ও এর আশপাশের এলাকার দিকে ধেয়ে আসার পথে শনিবার (১১ জুলাই) ১৮ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ওকিনাওয়া প্রিফেকচারের অংশ ইশুগাকি দ্বীপে ঝড়ের তাণ্ডবে রাস্তায় ধ্বংসাবশেষ উড়তে দেখা গেছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে হাতেগোনা কয়েকটি গাড়ি ছাড়া রাস্তাঘাট ছিল জনশূন্য।
ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, যার কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। টাইফুনের গতিবেগ ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ইশুগাকিতে শনিবার সারা দিন সব ধরনের ফ্লাইট ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া বিমান সংস্থাগুলো ৩৪৫টি ফ্লাইট বাতিল করেছে। ওকিনাওয়ায় ২৪ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
এদিকে তাইওয়ানে টাইফুন বাভির প্রভাবে পার্বত্য এলাকা থেকে ১৪ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে সরকার। ঝড়টি সরাসরি তাইওয়ানে আঘাত না হানলেও কিছু এলাকায় প্রায় এক মিটার (তিন ফুট) বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় প্রাণহানি এড়াতে আগাম সতর্কতা অবলম্বন করছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার তাইওয়ানের বেশির ভাগ শহর ও কাউন্টিতে ছুটি ঘোষণা করা হয়েছে। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ৯২০টি আন্তর্জাতিক ফ্লাইট ও ২৮০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর-দক্ষিণ হাই-স্পিড রেললাইন চালু থাকলেও সেবার পরিধি কমিয়ে আনা হয়েছে।
আগামীকাল রোববার (১২ জুলাই) ভোরে টাইফুন বাভি চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনজুতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এক কোটি জনসংখ্যার এই শহরে দুর্যোগ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।












