বাঁশদহা ইউনিয়নে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে আলোচনা সভা
0-0x0-0-0#
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা ও ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাঁশদহা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রেউই বাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওলানা এ টি এম নাজমুল হুদার সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি ডা. ওসমান গনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মো. শহিদ হাসান আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং নির্বাচনী গণজোয়ার সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশদহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী। এ ছাড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন শাখার সভাপতি-সেক্রেটারি ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতারা সভায় উপস্থিত ছিলেন।








