নজরুল ও শ্যামাপ্রসাদের সম্পর্ক
আবু রাইহান
কবি নজরুল এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্কটি ছিল অত্যন্ত গভীর, আন্তরিক এবং মানবিক। ১৯৪০-এর দশকে যখন নজরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর আর্থিক সংকট চরম আকার ধারণ করে, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন।বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক মজিদ মাহমুদ তাঁর নজরুলের জীবন ভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ তে লিখেছেন-‘আমি যেদিন অসুস্থ হই, বাংলার জাতীয় কবির বাড়িতে কোনো টাকা-পয়সা ছিল না। তাই তার শাশুড়ি গিরিবালা দেবীর পক্ষে কোনো ডাক্তার ডাকা সম্ভব হয় নি। হায়দার এসে দোতলায় বাড়িওয়ালা ডি.এল. সরকারের বাসায় নিয়ে গেল। অগত্যা তার হোমিওপ্যাথি দিয়ে চিকিৎসা শুরু হয়েছিল। আমি নিজেও তখন বুঝতে পারি নি এই অসুস্থতা আমায় চিরদিনের জন্য পঙ্গু করে দেবে। এই সময়ে হায়দারকে এক চিঠিতে জানিয়েছিলাম। ‘নবযুগে তিন চার মাস বেতন হয় না। বাড়িতে টাকা পয়সা নেই। অসুখ-বিসুখ ঋণ, পাওনাদারের তাগাদা। সকাল থেকে রাত্রি পর্যন্ত একটানা খাটুনিতে আমার নার্ভাস সিস্টেম কাজ করছে না।’
‘ওই চিঠিতে আরো বলেছিলাম, ‘হিন্দু মুসলিম ইকুইটির টাকা কারো বাবার সম্পত্তি নয়। বাংলার বাঙালির টাকা। আমি মরে গেলে একদিন ওই টাকা ফেরদৌসির মতো আমার জানাজার নামাজের দিন পাব।’ এটা সত্য, আমি এসব কথা হক সাহেবকে উদ্দেশ্য করেই বলেছিলাম। আমার আর্থিক সংকটের কথা তারা ভালোভাবেই জানেন। আমি অসুস্থ শুনেছেন, কই নিজে একবার আসতে পারেন নি। হায়দার তার ভাগ্নে ইউসুফ আলীকে নিয়ে হক সাহেবের সঙ্গে দেখে করে আমার দুর্গতির কথা জানায়। তিনি তার কেবিনেটের অর্থমন্ত্রী শ্যামাপ্রসাদকে টেলিফোনের মাধ্যমে আমার চিকিৎসার ব্যবস্থার কথা বলেন। এতে আমি সন্তুষ্ট হতে পারি নি, বাংলার মুখ্যমন্ত্রীর যতই কাজ থাক, কবি নজরুল ইসলাম না খেয়ে, অর্থকষ্টে রোগে ভুগে মারা যাবে আর তিনি অফিসিয়াল দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকবেন! এমনকি পরের দিন রাইটার্স ক্লাবে তার সঙ্গে হায়দরের সাক্ষাতের কথা থাকলেও কাজের অজুহাতে হক সাহেব বাইরে চলে যান। অবশ্য শ্যামাপ্রসাদ মুখার্জী হক সাহেবের পক্ষ থেকে দায়িত্ব পালন করেন। তাছাড়া শ্যামাপ্রসাদও আমায় পছন্দ করতেন। তার বাবা আশুতোষ মুখার্জী মারা গেলে আমি ‘আশু-প্রয়াণ গীতি’ লিখেছিলাম-‘বাংলার ‘শের’ বাংলার শির,বাংলার বাণী,বাংলার বীর সহসা ও-পারে অস্তমান।/এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।’ আশুতোষের সাহস মেধা স্বাধীনচেতা মানসিকতা ও ব্রিটিশবিরোধী সংগ্রামের জন্য তাকে ‘বাংলার বাঘ’ উপাধি দেয়া হয়েছিল। স্বাধীনতাসংগ্রামী কুষ্টিয়ার যতীন্দ্রনাথ মুখার্জীকে ‘বাঘা যতীন’ বলা হতো। কিন্তু বছর দুই আগে লাহোরে হক সাহেব ‘শেরে বাংলা’ নাম নেয়ার আগে আমিই বাঘের স্থলে ‘শের’ ব্যবহার করেছিলাম। যদিও শের বললে আশুতোষ মুখার্জীকে না বুঝিয়ে ফজলুল হক সাহেবকেই বোঝায়। এসব কারণে শ্যামাপ্রসাদ আমার প্রতি আত্মীয়তা পোষণ করতেন।’
‘আমার রোগের শুরুর দিকে শ্যামাপ্রসাদ মুখার্জী আমার বাড়িতে এসেছিলেন। আগেই বলেছি, বাড়িটি ছিল অপ্রশস্ত। সরু সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে তার বেশ কষ্ট হচ্ছিল। তখন যদিও তার আহামরি বয়স নয়। আমার চেয়ে বছর দুয়েকের কমই হবে। তবু অল্প বয়সে বড় বড় দায়িত্ব পালন করায় শরীরের মধ্যে স্থূলতা এসেছিল। তেত্রিশ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকার সময়ে তার অনুরোধে কবিগুরু থিম সং লিখে দিয়েছিলেন-‘চলো যাই চলো যাই।’ এত বড় একজন লোক এই দুঃসময়ে আমার বাড়িতে আসায় সত্যিই আমি অভিভূত হয়েছিলাম। তার অনেক প্রশংসা করেছিলাম। তিনি চিকিৎসার খোঁজখবর নিচ্ছিলেন। আমার কথা জড়িয়ে যাচ্ছিল, তাই তার সঙ্গে লিখে মনের ভাব প্রকাশ করছিলাম। তখনো আমার মনের জোর যথেষ্ট ছিল। ভাবছিলাম কিছুদিন বিশ্রাম নিলেই আমি পুনরায় সুস্থ হয়ে উঠব। তাকে বলেছিলাম, ‘হাজার খানেক টাকা হলেই এ যাত্রা আমি সামলে নিতে পারব।’ আমার বাড়িওয়ালা ডাক্তার মি. সরকার কোলকাতার এমবি গ্লাসগোর এফআরসিআর। তিনি সপরিবারে মধুপুর যাচ্ছেন হাওয়া বদলাতে। সেখানেও তার বাড়ি আছে-আমায় থাকতে দেবেন। মুখার্জী বাবুকে বলেছিলাম, ‘আমার ইনভেলিড স্ত্রীকেও সঙ্গে নিয়ে যেতে হবে।’ মুখার্জী বাবু থাকা অবস্থায় আমায় দেখতে আসেন সওগাতের নাসিরউদ্দীন, কোলকাতার মেয়র বদরুদ্দোজা আর হক সাহেবের ভাগ্নে ইউসুফ আলী। তিনি তাদের নিয়ে টাকার খোঁজে বেরিয়ে যান। সেদিনের মতো ব্যাঙ্ক বন্ধ হওয়ায়, অলংকার ব্যবসায়ীদের কাছে থেকে পাঁচশ টাকা ধার নিয়ে নাসিরউদ্দীনের হাতে আমার জন্য পাঠিয়ে দেন।’
‘মধুপুর এসে আমি কিছুটা ভালো বোধ করছিলাম। দুশ্চিন্তা কিছুটা কমে আসছিল। ভাবছিলাম আর চাপ নিব না। তবু টাকার সংকটের কথা ভেবে তখনও অস্থির ছিলাম।বিশেষ করে পাওনাদারদের মামলায় কোর্টের ওয়ারেন্ট আমাকে অস্থির করে তুলছিল। এখানে এসে গোটা দুই-তিন চিঠিও লিখেছিলাম।প্রথম চিঠিটি লিখি শ্যামাপ্রসাদ মুখার্জীকে,দ্বিতীয় চিঠি হায়দারকে।…চিঠির বিষয়বস্তু ছিল শ্যামাপ্রসাদবাবু এত সত্বর ব্যবস্থা করে না দিলে মধুসূদনের মতো আমার নির্ঘাৎ মৃত্যু হতো। যথারীতি হক সাহেবের উপর আমার রাগ-ক্ষোভও এ চিঠিতে বেশি প্রকাশ পেয়েছিল।ওই চিঠিতে আমি শ্যামাপ্রসাদের কাছে আমার যাচিত আরো পাঁচশ টাকা প্রদান একং হিন্দু মুসলিম ইকুইটি ফান্ড থেকে আমার ঋণ মুক্তির কথা বলি।’ উমা প্রসাদ মুখোপাধ্যায় সম্পাদিত ‘শ্যামাপ্রসাদের ডায়েরি ও মৃত্যু প্রসঙ্গ’ গ্রন্থে শ্যামাপ্রসাদকে লেখা নজরুল ইসলামের পত্রটি পরিশিষ্টে সংকলিত হয়েছে।
‘মধুপুরে হাওয়া-বদলে এসে আমার শরীরের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নি।…আমরা কোলকাতা ফিরে এলাম।…চিকিৎসার জন্য আমার বাড়িতে কোনো টাকা ছিল না। শ্যামাপ্রসাদও প্রথমবারে পাঁচশ টাকা পাঠানোর পরে আর কোনো টাকায় পাঠান নি। শাশুড়ি গিরিবালা দেবী ও স্ত্রীর সম্মতিক্রমে হায়দার আমার অসুস্থতার খবর জানিয়ে বাংলা ও ইংরেজি পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এখানেও কোনো সাড়া মিলল না। হায়দার নিজে গিয়ে চিফ মিনিস্টার শেরে বাংলা এ কে ফজলুল হক, সাবেক মন্ত্রী ও ভবিষ্যৎ অবিভক্ত বাংলার চিফ মিনিস্টার নাজিমউদ্দীন ও সোহরাওয়ার্দির সাথে সাক্ষাৎ করেন, কিন্তু কেউ তাৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেন নি।’
কবি কাজী নজরুল ইসলামের অসুস্থ হওয়ার সময় তাঁর পাশে ১৯৪২-১৯৪৫ সাল পর্যন্ত তিন বছর ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে ছিলেন জুলফিকার হায়দার। তিনি তাঁর ‘নজরুল জীবনের শেষ অধ্যায়’ গ্রন্থে লিখেছেন, ‘কবির অসুখের অষ্টম দিবস অর্থাৎ ১৯৪২ সালের ১৭ জুলাই আমি যখন কাজীদার বাসায় গিয়ে দেখি,…তিনি উত্তেজিত এবং বেশ জোরেশোরে চেচিয়ে ক্রোধের সাথে কথা বলছেন। তবে তাঁর সব কথা স্পষ্ট বুঝা যাচ্ছে না। মস্তিষ্ক বিকৃতির লক্ষণ স্পষ্ট বোঝা যাচ্ছে। এমন সময় কাজীদা জড়িয়ে জড়িয়ে আমাকে বললেন তুমি এখনই হক সাহেবের ভাগিনা ইউসুফের ওখানে চলে যাও। তাকে তো তুমি চেনই। তাকে নিয়ে তুমি হক সাহেবের কাছে যাও। আমি নবযুগ এর খাটুনিতেই আজ এই অসুখে পড়েছি।..আমি সেদিনই ইউসুফ আলীর বাসায় গেলাম। আমি বললাম কবি আমাকে আপনার কাছে বিশেষ করে এই বলে পাঠিয়েছেন যে, বন্ধু হিসাবে আপনার এবং আপনার স্ত্রীর কবি মোতাহেরা বানু কাছে কবির এই দাবি আপনাকে স্বয়ং জনাব হক সাহেবের কাছে গিয়ে কবির আর্থিক দুরবস্থার কথা তাঁকে জানাতে হবে এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে হবে।হক সাহেব আপনার মামা এবং তিনি চিফ মিনিস্টার। কাজেই আপনি চেষ্টা করলে কবির জন্য অবশ্য একটা ভালো ব্যবস্থা করতে পারেন।…ইউসুফ সাহেবকে সাথে করে এগিয়ে হাজির হলাম হক সাহেবের বাসভবনে। অতঃপর নুরুল হুদাকে বললেন তুমি শ্যামাপ্রসাদকে ফোনে কন্টাক্ট করো। নুরুল হুদা টেলিফোনের ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীকে পেয়ে গেলেন এবং তিনি রিসিভারটা হক সাহেবের হাতে তুলে দিলেন। টেলিফোনে হক সাহেব বলে চললেন হ্যাঁ শ্যামাপ্রসাদ কবি নজরুল ইসলাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। আমি যতটুকু শুনলাম তাতে প্যারালাইসিস বলেই মনে হচ্ছে। ডাক্তার বিধানকে দেখাবার জন্য আমাকে এসে ধরেছে। বিধান রায় কে দিয়ে নজরুলকে দেখাবার ব্যবস্থা তুমি করে দাও। আমার সময় কই।’
মধুপুর থেকে ফিরে শীঘ্রই নজরুল মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং তাঁকে লুম্বিনী পার্কের মানসিক হাসপাতালে স্থানান্তর করা হয়। নজরুল চার মাস লুম্বিনী পার্কে ছিলেন। কিন্তু তারপরেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁকে তাঁর বাড়িতে ফিরিয়ে আনা হয়। নজরুল তখন গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত ছিলেন এবং তাঁর চিকিৎসাও বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে ‘নজরুল ত্রাণ কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হয়।‘আমার চিকিৎসা এবং পরিবারের ব্যয় নির্বাহের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সজনীকান্ত দাস ও জুলফিকার হায়দার কমিটির যুগ্ম-সম্পাদক ছিল। কমিটির অন্যান্য সদস্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কবিরাজ বিমলানন্দ তর্কতীর্থ, সত্যেন্দ্রনাথ মজুমদার, তুষারকান্তি ঘোষ, চপলাকান্ত ভট্টাচার্য ও গোপাল হালদার।কমিটিতে মুসলমান সদস্য হিসাবে হুমায়ূন কবির, সৈয়দ বদরুদ্দোজা এবং স্যার আহমেদ ফজলুর রহমানের নাম অন্তর্ভুক্ত হয়।‘নজরুল সাহায্য কমিটি’র পক্ষ থেকে আমার পরিবারকে প্রতি মাসে দুশো টাকা সাহায্য করার সিদ্ধান্ত নেয়া হয়। কমিটি টাকা আদায়ে মূলত শ্যামাপ্রসাদকে ব্যবহার করত। তিনি রাজা-মহারাজাদের কাছ থেকে টাকা চেয়ে আনতেন। পাঁচ মাস কমিটি আমার পরিবারকে দুশো টাকা করে দিলেও ষষ্ঠ মাস থেকে তা বন্ধ হয়ে যায়।
‘নজরুল সাহায্য কমিটি’ গঠনের কিছুদিন পর মুসলমান ছাত্ররা ‘নজরুল এইড ফান্ড’ গঠন করে। এরা মূলত কোলকাতার টেইলর হোস্টেল, বেইকার হোস্টেল ও কারমাইকেল হোস্টেলের ছাত্র। তবে তাদের সঙ্গে কয়েকজন অধ্যাপকও যুক্ত ছিল।তারাও আগের কমিটির মতো আমার পরিবারকে দুশো টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তিন মাস তারা দুশো টাকা করে দিয়েও ছিল। তারপর আমার স্ত্রীর স্বাক্ষর জাল করে ওদের সভ্যদের কেউ দুমাসের টাকা আত্মসাৎ করে।এ ছাড়া আমায় সাহায্য করার নামে দেশের বিভিন্ন জায়গায় কমিটি গঠন হয়েছিল। ‘নজরুল রিলিফ ফান্ড’ নামেও তহবিল সংগ্রহ করা হয়। লটারি খেলার মাধ্যমে আমার নামে অর্থ সংগ্রহ করা হয়। আমি কিছুদিন স্বর্ণ ডিম্ব হংসে পরিণত হয়েছিলাম। অনেকে তা জবাই করলেও আমার পরিবারের প্রাণ তাতে রক্ষা হয় নি।’












