সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নবগঙ্গার তীরে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
নবগঙ্গার তীরে

দুখু হুমায়ুন
নবগঙ্গা নদীর তীরে আমার সবুজ গ্রাম,
শীতল জলে ধুয়েছি কতো আমার গায়ের ঘাম।

সবুজ গায়ের প্রান্ত ছুয়ে বইছে নদীর ধারা,
অপূর্ব তার রূপ মাধুরী হৃদয় হরণ করা।

এপারে গ্রাম ওপারে গ্রাম সুন্দর রূপের ছবি,
শান্ত শীতল ছায়ায় ঘোরে কতো শিল্পী কবি।

চিত্রা থেকে মধুমতি মাঝে নবগঙ্গা ধারা,
আঁকা বাঁকা চলার ঢংঙে মনযে পাগল করা।

নবগঙ্গার দুই তীরেতে কতো বাজার হাট,
বন বনানী রয়েছে কতো ফসল ভরা মাঠ।

পাল তোলা সব নৌকা গুলো চলতো সারে সারে,
যদিও অনেক কমে গেছে সড়ক পথের ভারে।

সুযোগ পেলেই ফিরে যাবো নবগঙ্গার তীরে,
কুড়িয়ে নেব মিলিয়ে নেবো স্মৃতি ঘুরে ঘুরে।

Ads small one

সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন তিনি।

এ সময় আসাদুজ্জামান আসাদ বলেন, শিক্ষিত সমাজ গঠনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা জরুরি। গ্রামের অনেক মেধাবী শিক্ষার্থী নানা সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকতে চান। ধানদিয়া ইউনিয়নে শিক্ষার পরিবেশ উন্নয়ন, মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী আর্থিক বা পারিবারিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রকিব, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা খাতুন, সহকারী শিক্ষক সুব্রত কুমার, আজিজুল হকসহ অন্যান্য শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।

সাতক্ষীরায় আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট ১২ ডিসেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট ১২ ডিসেম্বর

সংবাদদাতা: সাতক্ষীরায় আইনজীবীদের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ’ (এপিএল)-২০২৬। আগামী ১২ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত সভায় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় আটটি দল অংশ নেবে। দলগুলো হলো অ্যাডভোকেটস লিজেন্ড একাদশ, সুপার কিংস একাদশ, থান্ডার্স একাদশ, ওয়ারিয়র্স একাদশ, ঈগলস একাদশ, টাইটানস একাদশ, রয়্যালস একাদশ ও গ্ল্যাডিয়েটর্স একাদশ।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে আইনজীবীদের মধ্যে খেলাধুলার চর্চা, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও জোরদার হবে। পাশাপাশি পেশাগত ব্যস্ততার বাইরে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি হবে।

কলারোয়ায় নির্বাচনী ইশতেহার ও সামাজিক সচেতনতা নিয়ে নারী সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
কলারোয়ায় নির্বাচনী ইশতেহার ও সামাজিক সচেতনতা নিয়ে নারী সমাবেশ

সংবাদদাতা: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে কলারোয়ার ধানদিয়া বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইদ্রিস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহা. আজমল করিম, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বিন হাতিম, মোস্তফা নাসির উদ্দীন, মো. রফিকুল ইসলাম ও জয়গুন নেছা।

জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভূমি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীদের জন্য পরিবহন সুবিধাসহ বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব কর্মসূচি বাস্তবায়নে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।