পদোন্নতি পেয়ে সাতক্ষীরায় যোগদান করলেন বিচারক মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী
বদিউজ্জামান: পদোন্নতি পেয়ে সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেছেন বিচারক মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী। এ উপলক্ষে রবিবার (১৯ জুলাই ২০২৬) সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এর আগে মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী দীর্ঘ প্রায় পাঁচ বছর সাতক্ষীরায় সিনিয়র সহকারী জজ এবং জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী এবং সহকর্মীদের আস্থা অর্জন করেন।
জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মানুষের অভিযোগ ধৈর্যের সঙ্গে শুনে আইনসম্মত উপায়ে অধিকাংশ বিরোধ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখেন। ফলে আদালতের বাইরে দ্রুত, বিনা খরচে এবং সৌহার্দ্যপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইড কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হয়।
আইনজীবী মহলের মতে, তিনি বিচারপ্রার্থী ও আইনজীবীবান্ধব একজন বিচারক। ন্যায়বিচার নিশ্চিত করতে তার আন্তরিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি সাতক্ষীরাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। পদোন্নতি পেয়ে পুনরায় সাতক্ষীরায় যোগদান করায় বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবী সমাজের মধ্যে সন্তোষের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরায় কর্মরত অবস্থায় তিনি একটি বহুল আলোচিত প্রেসক্লাব-সংক্রান্ত মামলায় আইনসম্মত রায় প্রদান করেন, যা সে সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই রায়ের মাধ্যমে তিনি একজন ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল বিচারক হিসেবে আরও বেশি পরিচিতি লাভ করেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, বিচার বিভাগের দীর্ঘ অভিজ্ঞতা, আইনের শাসনের প্রতি অঙ্গীকার এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিতে তার দক্ষতা সাতক্ষীরার বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পদোন্নতি লাভ করে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে সাতক্ষীরায় দায়িত্ব গ্রহণ করায় বিচারক মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজীকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর নতুন দায়িত্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের সেবায় সফলতা কামনা করেছেন সবাই।






