পরিবেশ রক্ষায় দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা
পত্রদূত ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকার দেশব্যাপী ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার খুলনা সিটি করপোরেশন ও বিকাশের যৌথ উদ্যোগে সোনাডাঙ্গা সোলার পার্কে বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ, নগর সবুজায়ন ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। বনায়ন বৃদ্ধির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। সামাজিক সচেতনতা ছাড়া সরকারের এই সবুজায়নের প্রচেষ্টা সফল করা সম্ভব নয় উল্লেখ করে তিনি সবাইকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ চলছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও বন সংরক্ষক ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।









