পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনার একাংশ সরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ইজারা বাতিল এবং স্থাপনা উচ্ছেদে খুলনা-৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সংসদ সদস্য ও খুলনা জেলা পরিষদের প্রশাসকের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় বিক্ষুব্ধ জনতা গত মঙ্গলবার সকালে রাস্তার পশ্চিম পাশের স্থাপনা সরিয়ে দিয়েছে বলে তারা দাবি করেছে। ইজারা সংক্রান্ত এ বিষয় নিয়ে প্রশাসন, ইজারাদার ও এলাকাবাসী বর্তমানে ত্রিমুখী অবস্থানে রয়েছে। ফলে বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি না হলে ভবিষ্যতে ইজারাদার ও এলাকাবাসীর মধ্যে সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই।
চিত্তরঞ্জন ঘোষের ওয়ারিশদের পক্ষে তপন ঘোষ জানান, পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (১১১৪৮/১২) করলে তাঁদের পক্ষে রায় ও ডিক্রি হয়। পরবর্তী সময়ে সরকারপক্ষ আপিল করলে উচ্চ আদালত নি¤œ আদালতের রায় ও ডিক্রি বহাল রাখেন। সম্প্রতি গোপালপুর মৌজার এসএ ৫৩ খতিয়ানের ৭২ দাগের ভিপি ১৬৭/৭৭-৭৮ লিজ কেসে ঘোষ পরিবারের জমির একাংশ একাধিক ব্যক্তির নামে পজেশন ইজারা দেয় উপজেলা ভূমি অফিস।
উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন নবনির্মিত প্রধান সড়কের দুই পাশের নালিশি এই জমি অবৈধভাবে ইজারা দেওয়া হয়েছেÑএমন অভিযোগ এনে প্রথমে মানববন্ধন এবং পরে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। গত ১৫ অক্টোবর এলাকাবাসীর অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে খুলনা-৬ আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী ইজারা বাতিলের জন্য জনসাধারণকে আশ্বাস দেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
স্থানীয়দের দাবি, সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইজারা বাতিল এবং স্থাপনা উচ্ছেদ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হোক। অন্যদিকে ইজারাদারদের দাবি, তাঁরা সরকারি সব প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে সরকারি রাজস্ব প্রদান সাপেক্ষে ইজারা গ্রহণ করেছেন। সে অনুযায়ী ইজারাকৃত জমি ভোগদখলের অধিকার তাঁদের রয়েছে। এ অবস্থায় প্রশাসনের কাছে একটি শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন সবাই।






