পাইকগাছায় ৪৮ ঘণ্টায় আটক ১৪, চুরি হওয়া ট্রাক উদ্ধার
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাক উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ও জুয়া খেলার অভিযোগে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল যশোরে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করে। ট্রাক চুরিতে জড়িত থাকার অভিযোগে যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকার আরিফুল ইসলাম (২৮), জাহের হাসান (২৭), অনিক (৩৭) ও আরিফ হোসেনকে (২৭) আটক করা হয়।
অন্যদিকে, বিরাশী এলাকা থেকে ৯টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ডাকাত হাসান শেখকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চাঁদখালীর সাহাপাড়া থেকে সাজাপ্রাপ্ত আসামি নূর ইসলাম, রাড়ুলী থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আসামি মো. জলিল জোয়াদ্দার (৫০) এবং পৌর এলাকা থেকে এক নারীকে আটক করে পুলিশ। চাঁদখালীর দেবদুয়ার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে আরও ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ৬ জুয়াড়িকে ১৫ দিন করে কারাদ- দেওয়া হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।









