পাইকগাছা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার পর আসলাম সিকদার নামের এক ব্যক্তি ফোন করে তাঁকে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফোনে অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘হয় অর্থ, নয় রক্ত—দুটির একটি দিতে হবে।’ এ ঘটনায় ওই স্বাস্থ্য কর্মকর্তা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, কোনো কারণ ছাড়াই এ ধরনের হুমকি উদ্বেগজনক। তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযোগ করেছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল কবীর বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থেকে ফোনটি করা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে একটি চক্র এ ধরনের চাঁদা দাবি করে আসছে বলে তথ্য পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।







