পাটকেলঘাটায় সেনাসদস্যের বাড়িতে চুরির অভিযোগ
খলিশখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটায় দিনের বেলায় এক সেনাসদস্যের বসতঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ব্যাংকের কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সেনাসদস্য মো. শুকুর আলী বর্তমানে রাঙ্গামাটিতে কর্মরত। বাড়িতে তাঁর স্ত্রী একা থাকতেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুকুর আলীর স্ত্রী ঘরের পাশের জমি থেকে সবজি তুলতে গেলে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে আলমারি থেকে আনুমানিক ৬-৭ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। সেনাসদস্যের ভাই মহব্বত আলী ও সুরত আলী চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।









