সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় ছয় বছরের শিশু মোস্তাকিম হোসেন নিহত হওয়া এবং পরবর্তীতে উদ্ধারকাজে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। কালিগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ১৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০জনকে আসামি করে মামলাটি করেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাসুদ রানা (২০), আল আমিন (২২), বিল্লাল হোসেন (২৮), নুরুল আলম (৩৩), রফিকুল ইসলাম (৪০) ও আবু রায়হান (১৮)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৬ আগস্ট বিকেলে মায়ের সঙ্গে ইজিবাইকে করে ফেরার পথে মুকুন্দ মধুসূদনপুর এলাকায় ট্রাকের চাপায় শিশু মোস্তাক মারা যায় এবং তাঁর মা আহত হন। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটকে রেখে উত্তেজিত হয়ে উঠলে পুলিশ সেখানে উদ্ধার কাজে যায়। এ সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই শফিকুল ইসলাম ও এএসআই আরিফুর রহমান আহত হন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে এবং ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শিশু নিহতের ঘটনায় আলাদা মামলা দায়ের করা হয়েছে।