মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বড়দলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
বড়দলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের ২, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ডের এক মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
তিনি বলেন, সকল নাগরিকের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করে একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা দরকার। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান তিনি।
বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে এবং সম্পাদক সেকেন্দার আলীর পরিচালনায় সভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা, যুব বিভাগের সম্পাদক হাবিবুর রহমান লিপু, স্থানীয় নেতা মাস্টার আনারুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ডুমুরপোতা এলাকায় চা-চক্র ও মুসলিম ধর্মাবলম্বীদের সাথেও পৃথক মতবিনিময় করা হয়।

Ads small one

অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ
সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
ওসি শফিকুল ইসলাম নিজ গাড়িতে করে অজ্ঞাত ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান এবং নিজের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে অজ্ঞাত ব্যক্তিটি সাতক্ষীরা সদর হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় জানা থাকলে অথবা কেউ তাকে চিনে থাকলে দ্রুত তার স্বজনদের বিষয়টি জানানোর অনুরোধ করা হচ্ছে।

শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে শ্যামনগরের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে।

 

নিহত শুভঙ্কর মন্ডল শুভ খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুভঙ্কর মন্ডল তার এক সঙ্গীকে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকা থেকে মোটরসাইকেলে শ্যামনগর উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে শ্যামনগর উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শুভঙ্কর মন্ডল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ফলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শুভঙ্কর মন্ডল।

এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলে থাকা শুভংকরের সঙ্গী। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শ্যামনগর থানার উপ-পরিদর্শক চিরঞ্জিব গাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

 

সুন্দরবনে স্মার্ট টহল দলের অভিযানে ৬ নৌকাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
সুন্দরবনে স্মার্ট টহল দলের অভিযানে ৬ নৌকাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সুন্দরবনে নিয়মিত অভিযানে গত এক সপ্তাহে বিপুল পরিমাণ মাছ, কাঁকড়া ও অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে সাতক্ষীরা-০১ স্মার্ট টহল দল। এ ঘটনায় বন আইনে চারটি মামলা (ইউডিওআর) দায়ের করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টহলকালীন সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি নৌকা, ১টি বৈঠা, ৪টি দাঁড়, ২৫০ মিটার দোনদড়ি, ১০০টি আটন, ৪৫ কেজি কাঁকড়া, ২টি কলজাল এবং আনুমানিক ১৫০ কেজি সাদা মাছ জব্দ করা হয়।
এছাড়া অভিযানে ২টি ড্রাম, হাঁড়ি-পাতিল, ২টি ককসেট ও ৬টি প্লাস্টিকের ঝুড়ি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সাদা মাছ ও কাঁকড়া আদালত চত্বরে নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
স্মার্ট টহল দলের অভিযানের ফলে সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ এবং নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে কার্যক্রম আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। বন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।