আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বরাদ্দের আওতায় জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের অনুকূলে বরাদ্দ করা এসব ক্রীড়া সামগ্রী উপজেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মধ্যে বিতরণ করা হয়।
সোমবার সকালে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
বরাদ্দ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ভলিবল নেট, ব্যাডমিন্টন র্যাকেট, শাটলকক, ব্যাডমিন্টন নেট, দাবা সেট ও হ্যান্ডবল। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
ক্রীড়া সামগ্রী পাওয়া প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে রয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, অফিসার্স ক্লাব, সোদকনা সবুজ সংঘ, শ্রীকলস স্পোর্টিং ক্লাব, দুর্গাপুর সূর্য তরুণ ক্লাব ও বাঁকড়া ইউনাইটেড ক্লাবসহ উপজেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাব।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ অবদুস সবুর, আশাশুনি উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নূরুল আফছার মোর্তজা, জজ কোর্টের এপিপি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী আইনজীবী শহিদুল ইসলাম, আলমগীর পিন্টুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণের এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।