বাংলাদেশকে হারানোর কৌশল ফাঁস করলেন পাকিস্তান কোচ
সেমিফাইনালে বাংলাদেশের আক্রমণভাগকে কার্যত আটকে রেখেছিল পাকিস্তান। স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে দলটির কৌশল ছিল পরিষ্কার- বাংলাদেশের খেলোয়াড়দের বল নিয়ে খেলার জন্য সময় ও জায়গা না দেওয়া। সেই পরিকল্পনাই মাঠে দারুণভাবে কার্যকর হয়েছে বলে মনে করছেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো।
সোমবার (১৬ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের এই কোচ। তার মতে, বাংলাদেশের ব্যক্তিগত নৈপুণ্য ও আক্রমণভাগের শক্তি সম্পর্কে ভালো ধারণা থাকায় শুরু থেকেই সতর্ক ছিল পাকিস্তান।
সোলানো বলেন, ‘বাংলাদেশের খুব ভালো দল আছে। তাদের ব্যক্তিগত নৈপুণ্য দারুণ, আক্রমণভাগেও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। আমরা তাদের শক্তির জায়গাগুলো জানতাম। তাই তাদের বল নিয়ে খেলার সময় ও জায়গা না দেওয়ার চেষ্টা করেছি। তারা যে মানের খেলোয়াড়, তাতে সুযোগ পেলে আমাদের বিপদে ফেলতে পারত। তবে ছেলেরা দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাদের নিয়ে আমি গর্বিত।’
বাংলাদেশের বিপক্ষে জয়ের কৃতিত্ব অবশ্য শুধু কৌশলকে দিতে নারাজ সোলানো। তার মতে, ফুটবলে প্রত্যেক দলেরই নিজস্ব পরিকল্পনা থাকে। তবে মাঠে সেই পরিকল্পনা কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাচ্ছে, সেটিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।
পাকিস্তানের কোচ বলেন, ‘ফুটবলে লুকানোর কিছু নেই। সবাই টেলিভিশনে খেলা দেখে, প্রতিপক্ষকে বিশ্লেষণ করে এবং নিজেদের মতো প্রস্তুতি নেয়। আমি অন্য কোচের চেয়ে কে ভালো, সেই তুলনায় যেতে চাই না। বাংলাদেশের বিপক্ষে আমাদের পরিকল্পনা ভালোভাবে কাজ করেছে। তারা খুব ভালো দল। তাদের হারিয়েই আমরা এখন ফাইনালে।’












