শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের নতুন কোচ ডুলি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
বাংলাদেশের নতুন কোচ ডুলি

স্পোর্টস ডেস্ক: অবশেষ গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। দায়িত্ব নিতে শুক্রবার (২২ মে) সকালে ঢাকায় এসেছেন জার্মানির বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ। জার্মান এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি হওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। একটু আগে বাফুফে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

৬৫ বছর বয়সী এই কোচের জার্মানিতে জন্ম হলেও আন্তর্জাতিক ফুটবল খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুটি বিশ্বকাপও খেলেছেন তিনি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্ব আসরে স্বাগতিকদের হয়ে সবক’টি ম্যাচ খেলেছিলেন। ১৯৯৮ বিশ্বকাপে তো অধিনায়ক হয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। দেশটির হয়ে ৮১ ম্যাচ খেলে গোল করেছেন সাতটি। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি।

ক্লাব ফুটবলে খেলেছেন বায়ের লেভারকুসেন, শালকের মতো ক্লাবে। শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ। আর বুন্দেসলিগা শিরোপা জেতেন এফসি কাইজারস্নাউটার্নের জার্সিতে।

কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ তার। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ক্লিন্সম্যানের সহকারীর ভূমিকায় ছিলেন। এরপর ফিলিপাইনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন।

প্রায় পাঁচ বছর ছিলেন দেশটির দায়িত্বে। কাজ করেছেন ভিয়েতনামেও। দেশটির ভি-লিগের ক্লাব ভিয়েত্তেলের স্পোর্টিং ডিরেক্টর পদে ছিলেন বছরখানেক। দুই বছর পর ২০২২ সালে আবারও ফিলিপাইনের দায়িত্বে ফেরেন তিনি। দলকে নিয়ে যান প্রথমবার এশিয়ান কাপে। সর্বশেষ গায়ানার ডাগআউট সামলেছেন তিনি। বাংলাদেশের কোচ হওয়ার জন্য গত সপ্তাহে গায়ানা থেকে পদত্যাগ করেন তিনি।

আগামী ৫ জুন সান মেরিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে যাবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই থমাস ডুলির বাংলাদেশ যাত্রা শুরু হবে। এর আগে ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ক্যাম্প। যদিও এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি।

Ads small one

না-এ কোনও ইতিহাস নয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
না-এ কোনও ইতিহাস নয়

মারিয়া নূর
কয়েক মিলিয়ন কষ্টের বরাদ্দ নেওয়া ছিলো
আগেই, অনেক আগেই।
এখন আর বাড়তি দেনার দায় নেই ভাগ্যলিপিতে।
সুখেরা তো বরাবরই মুখচোরা
তাই আর ঘাঁটাতে চাইনি ওদের নতুন করে।

ফিরে যাওয়া বসন্তের আক্ষেপ পত্রে
অভিযোগ ছিলো – অপয়া মুখদর্শনের।
এখন দফায় দফায় হাজিরা চলে
জজকোর্ট থেকে হাইকোর্টের বারান্দায়।

সানগ্লাসটা ছোট হতে হতে
এখন মোটা ফ্রেমের চশমায় পরিনত।
চোখের নিচে বয়সের পাটিগণিত।
নামতা ভুলে গেছি সেই কবে;
উপপাদ্য বা সম্পাদ্য যাই বলো
সকল সুত্রের কারসাজিতে এখন
চোখ রাঙানি দেখি ভীষণ রকম।

যারা একসময় স্বপ্নের পরিচয়ে
চোখের সমুদ্রে খেলতো গোল্লাছুট;
বৃদ্ধ বটের নুয়ে পড়া তর্জনী আঁকড়ে
ওরাও ঝুলে থাকে অলস দুপুরে।

এখন আর দিবাকরের হৃদপি-ে কামড় দিয়ে
রোদ চুরি করে না কেউ।

না – এ কোনও ইতিহাস নয়;
রবীঠাকুরের ছোট গল্প? না তাও না।
এ হলো সেই চমকপ্রদ উপন্যাস
যার বিশেষ ক’টা পৃষ্ঠা অলক্ষেই অন্তর্ধান।

নবান্ন ও চন্দ্রাহত একজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
নবান্ন ও চন্দ্রাহত একজন

বাবুল চৌধুরী
খোলা চুলে বাইরে এসো না এই ঘোর পূর্ণিমা-রাতে
সনাতন চাঁদ আকাশে সওয়ার চাঁদের জোয়ার, তাই
জোছনায় আহত হতে পারো আমিও চন্দ্রগ্রস্থ বলে
এক শ’ বছর পেছনে তাকাই অথবা তারও বেশি
সময়ের উল্টো স্রোতে, তোমার মুখে দেখি দীঘল
ফসলের মাঠ, চুলে খরতর নদী, ও শাড়ির জমিনে
জড়ানো স্থির অথবা অনেক উড়ন্ত ফিঙের ডানা,
আঁচলে আদরে আগলে রেখেছ নাকি ধান স্বর্ণালী!
আরেক মানবীর মতো তখন তুমি, যে মুখ বহু বছর
আগে দেখেছি – সে ছন্দে নাচে, উঠোনে হেসে যায়

এখনি ঢেঁকির শব্দ উঠবে, ঢেঁকিতে পড়ছে তার পা
স্বপ্নের ভেতর তার ছন্দিত পা দেখি, ধান ভাঙা হলে
এখনই দেবে সে নবান্নের ডাক, এখন চাঁদের মতো
সব থালা ভরবে নতুন খাদ্য-কণায়, নিরন্ন লোকালয়

নবান্নের সাড়া পেয়ে যায়, আকাশে চাঁদের জোয়ার –
এ নবান্নে নিমগ্ন আমি – খোলাচুলে বাইরে এসো না

সুখের দিনে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
সুখের দিনে

ফাহিম শাহরিয়ার রুমি
সুখের দিনে কেন এ হৃদয়
নিভৃতে কাঁদিতে চায়?
হাসির আড়ালে কার যেন বেদনা
নীরবে ভাসিয়া যায়।

রৌদ্রঝলমল প্রভাত-আকাশে
স্বর্ণরেখা খেলে যায়,
তবু মোর চিত্তে অকারণ ছায়া
নিভৃত ব্যথা বুনে যায়।

সবাই যখন গাহে আনন্দগান,
মিলন-সুরে মাতে প্রাণ,
আমি কেন শুনি বিরহের বীণা
অশ্রুর মৃদু তান?

ফুলে ভরা এ জীবনের বাগান,
গন্ধে ভরে চারিধার,
তবু কেন যেন মলিন হইয়া
ঝরে পড়ে অন্তর-হার।

হায়, সুখের মাঝে লুকায়ে থাকে
দুঃখের অচেনা রূপ,
মানব-হৃদয় তাই চিরদিন
বিরোধে গাঁথা এক সুরূপ।