বিডিএফ প্রেসক্লাবের নতুন সদস্যপদের ফরম বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বিডিএফ প্রেস ক্লাবের নতুন সদস্যপদের ফরম বিতরণ শুরু হয়েছে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৯ অক্টোবর পর্যন্ত।
প্রেস ক্লাবের সভাপতি জি এম আমিনুল হক জানান, নবীন সাংবাদিকদের নতুন সদস্যপদ গ্রহণের আগ্রহ প্রশংসনীয়। নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে আবেদন যাচাই-বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।
ফরম সংগ্রহ করতে এসে দৈনিক জনদর্পণের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. হাফিজুল ইসলাম নিজের প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী এ সংগঠনে যুক্ত হওয়ার সুযোগ পাওয়া আনন্দের।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী জানান, সদস্যপদের আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, এসএসসি সনদ ও সংশ্লিষ্ট পত্রিকার পরিচয়পত্রের ফটোকপিসহ গত তিন মাসে নিজ নামে প্রকাশিত দুটি সংবাদ এবং ছবি জমা দিতে হবে। ৮ ও ৯ অক্টোবরের মধ্যে প্রক্রিয়া শেষ করে যোগ্যদের সদস্যপদ দেওয়া হবে।






