সাতক্ষীরায় এনজিও ‘আনন্দ’র সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগ
সংবাদদাতা: সাতক্ষীরায় এনজিও সংস্থা ‘আনন্দ’-এর বিরুদ্ধে গ্রাহকদের সঞ্চয়ের অর্থ আত্মসাৎ করে অফিস বন্ধের পাঁয়তারার অভিযোগ উঠেছে। জলবায়ু অভিযোজন প্রকল্পের পাশাপাশি প্রধান কার্যালয়ের কন্ট্রিবিউশন পলিসির কথা বলে অন্তত পাঁচ হাজার সদস্যের কাছ থেকে সংগৃহীত আনুমানিক ৩০ লাখ টাকা আত্মসাৎ করার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় পরিচালিত প্রকল্পগুলোর মোট বরাদ্দের ২০ শতাংশ সদস্যদের কল্যাণে ব্যয়ের কথা থাকলেও সংস্থাটি তা করেনি। ওই টাকা সংগৃহীত হয়ে নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মিয়ার একক স্বাক্ষরে পরিচালিত প্রধান কার্যালয়ের ব্যাংক হিসাবে জমা করা হয়।
সম্প্রতি সাতক্ষীরা কার্যালয়ের কর্মী ছাঁটাই ও কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের চম্পট দেওয়ার তথ্যে সদস্যদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে আনন্দ এনজিওর সাতক্ষীরা জেলা প্রকল্প পরিচালক আমিরুল ইসলাম জানান, জলবায়ু অভিযোজন প্রকল্পটি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে এবং দাতা সংস্থার অডিট টিম ও স্বাধীন অডিটরদের তদারকিতে কোনো অনিয়ম ধরা পড়েনি। তহবিল আত্মসাৎ সম্পর্কিত বিষয়টি প্রকল্পভুক্ত নয়; এটি প্রধান কার্যালয়ের নির্দেশে পৃথকভাবে সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে সংস্থার নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মিয়া ও উপপরিচালক শিপন কুমার দেবনাথ বিস্তারিত জানাতে পারবেন।






