সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি

পত্রদূত রিপোর্ট: কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরসংলগ্ন পোল্ট্রি খামার নির্মাণ বন্ধ এবং বিদ্যালয় প্রাঙ্গণ মাদকাসক্তদের আড্ডামুক্ত রাখার সুপারিশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

১৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার এবং কলারোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ৪১ নম্বর কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম মুকুল একটি বড় পোল্ট্রি খামার করছেন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। এ ছাড়া ছুটির পর বিদ্যালয় প্রাঙ্গণে মাদকাসক্তদের আড্ডার কারণে ভবনের দরজা, তালা, পতাকাদ- ও পানির পাইপ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয়ের পরিবেশ ও সম্পত্তি রক্ষায় প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৯ সেপ্টেম্বরের প্রতিবেদনের ওপর ভিত্তি করে জেলা প্রশাসনকে এই জরুরি সুপারিশ পাঠানো হয়েছে।

Ads small one

ধুলিহরে প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
ধুলিহরে প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

জিএম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি ব্রহ্মরাজপুর বাজার হয়ে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর, কোমরপুর, ধুলিহর, দামারপোতা ও মাটিয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
তাকদীর আহসান রুবেল ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শোভাযাত্রায় তাকদীর আহসান রুবেল উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। আগামী নির্বাচনে জনগণ তাঁকে নির্বাচিত করলে মানুষের কল্যাণে কাজ করে যাবেন। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান তুহিন, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবু, শাহাজান সিরাজী, জমাত আলী, জাহারুল ইসলাম, মোঃ ইউসুফ আলী, আফছার আলী, আব্দুল আলী, ইলিয়াস বাবু, মোহাম্মদ আলী, আমিনুর রহমান বাবু, রফিকুল ইসলাম, ইউপি সদস্য মিনহাজ মোর্শেদসহ ছাত্রদল, যুবদল ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

বিভিন্ন বাগান পরিদর্শন করলেন বিভাগীয় বন কর্মকর্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
বিভিন্ন বাগান পরিদর্শন করলেন বিভাগীয় বন কর্মকর্তা

সংবাদদাতা: যশোরের বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) অমিতা মন্ডল সাতক্ষীরা জেলা সফর করেছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন এলাকায় সামাজিক বনায়নের আওতায় গড়ে ওঠা তালবাগান ও স্ট্রিপ বাগানসহ নানা বনায়ন কার্যক্রম পরিদর্শন করেন।
সোমবার তিনি সাতক্ষীরা সদর, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় সংশ্লিষ্ট বাগানগুলোর বর্তমান অবস্থা, গাছের পরিচর্যা, সংরক্ষণ ও বনায়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে সামাজিক বনায়ন কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল সামাজিক বনায়ন কার্যক্রম আরও গতিশীল করা, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি যশোরের উদ্দেশে সাতক্ষীরা ত্যাগ করেন।

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। শিশু থেকে বিভিন্ন শ্রেণির ফলাফল ঘোষণা করেন প্রত্যেক শ্রেণির শ্রেণিশিক্ষকবৃন্দ। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে প্রত্যেক শ্রেণির কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম, মাওলানা নুরুল হক, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল হক, স্বপন কুমার দে, আমজাদ হোসেন প্রমুখ। একই অনুষ্ঠানে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।