বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যশোরে আসছেন আজ
পত্রদূত ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক দিনের সফরে আজ শনিবার (১১ এপ্রিল) যশোর আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি আজ দিনভর সরকারি উন্নয়ন প্রকল্পের তদারকি, মতবিনিময় এবং রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় প্রতিমন্ত্রী যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর আসন্ন সফর উপলক্ষে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর সোয়া ১১টায় তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল এবং শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন।
বিকেলে তাঁর একাধিক জনহিতকর ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিকেল সাড়ে তিনটায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ এবং চারটায় ‘ইকো’ (এডুকেশন চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন)-এর উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সাড়ে চারটায় তিনি যশোর জেলা বিএনপির যৌথ সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থানীয় পত্রিকা ‘সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তাঁর সফর সমাপ্ত হবে। কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।












