বিভাগীয় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবহার আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা
বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা এবং বিভাগীয় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবহার আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির পৃথক দুটি সভা রবিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন।
ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবহার আইন বাস্তবায়নের সভায় বিভাগীয় কমিশনার বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে প্রথমেই আমাদের নিজেদের আওতাধীন সকল দপ্তর ধূমপানমুক্ত করতে হবে। প্রতিটি দপ্তরের প্রবেশমুখে দৃশ্যমান স্থানে নো স্মোকিং পোস্টার স্থাপন করতে হবে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য বিরোধী প্রচারে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি স্থানের একশত মিটারের মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রয় দন্ডনীয় অপরাধ। তিনি ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিতকরণ কর্মসূচি গ্রহণের নিদের্শনা দেন। এছাড়া ধূমপান ও তামাকজাত দ্রব্য বিরোধী মোবাইলকোর্ট পরিচালনা করার জন্য তিনি সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।
বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ রোধে সরকারি-বেসরকারি উভয় দপ্তরকে কাজ করতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ রোধে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাল্যবিবাহরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। কোন জেলায় বাল্যবিবাহ সংঘটিত হলে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনকে জানাতে হবে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়ে সভার আয়োজন করতে হবে। এছাড়া মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভায় জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধে টোল ফ্রি হটলাইন ১০৯,৯৯৯ ও ১০৯৮ নাম¦ারে যোগাযোগ করা যাবে। গত তিন মাসে খুলনা বিভাগের ১০ জেলায় একশত ৭৪ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এছাড়া পাঁচশত ৪৩টি উঠান বেঠক অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, প্রেসক্লাবের সভাপতি-সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন। অপর সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ^াস, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ তামাক বিরোধী জোটের প্রতিনিধিরা অংশ নেন। তথ্যবিবরণী






