রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেনাপোলে কামারপল্লিতে ব্যস্ততা বাড়লেও কম ক্রেতার সমাগম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
বেনাপোলে কামারপল্লিতে ব্যস্ততা বাড়লেও কম ক্রেতার সমাগম

বেনাপোল (যশোর) প্রতিনিধি: কোরবানির ঈদকে সামনে রেখে যশোরের শার্শা ও বেনাপোল এলাকার কামারপল্লিগুলোতে ব্যস্ততা বেড়েছে। কয়লার আগুনে লোহা গলিয়ে নেকড়াই পিটিয়ে দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরিতে দিনরাত পার করছেন কারিগরেরা। তবে কাজের চাপ বাড়লেও দোকানে ক্রেতাদের আগমন ও বিক্রি নিয়ে সন্তুষ্ট নন তারা।
স্থানীয় কামারপল্লিগুলো ঘুরে দেখা যায়, দিনভর হাঁপরের ‘শাঁ শাঁ’ শব্দ আর লোহা পেটানোর ‘খট খট’ শব্দে মুখরিত চারপাশ। নতুন সরঞ্জাম তৈরির পাশাপাশি পুরোনো দা-ছুরিতে শাণ দেওয়ার কাজও চলছে পুরোদমে। কারিগরেরা জানান, সারা বছর ব্যবসা মন্দা থাকলেও কোরবানির ঈদে তাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়। তবে বিগত বছরের তুলনায় এবার এখনো আশানুরূপ বেচাকেনা শুরু হয়নি।
অন্যদিকে ক্রেতারা বলছেন, বাজারে লোহা ও কয়লার দাম বাড়ার অজুহাতে দেশি ধারালো সরঞ্জামের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। তবে কোরবানি ও মাংস কাটার জন্য প্রয়োজনীয় থাকায় বাধ্য হয়েই বেশি দামে এসব কিনতে হচ্ছে। কারিগরদের আশা, ঈদের একদম শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে।

 

Ads small one

দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত ‘আর-রাহমা’ পাঞ্জেগানা মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটির যাত্রা শুরু হয়। মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম রশিদ সরদার, মরহুম রউফ সরদার ও মরহুম গফুর সরদারের সন্তানেরা নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেছেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩মে) রাত ৮টায় বাঁকাল মার্কাজ মসজিদের সামনে ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শেখ মমতাজ উদ্দীন মম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মো. সুরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মীর মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া হোসেন, কোষাধ্যক্ষ সাদিক উদ্দীন, সদস্য আবু হুরাইরা, আবু মুসাসহ এসময় ৯টি ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হয়। এসময় কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

পাটকেলঘাটায় মাছ-মাংসের বাজার চড়া, সবজিতেও স্বস্তি নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় মাছ-মাংসের বাজার চড়া, সবজিতেও স্বস্তি নেই

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা বাণিজ্য কেন্দ্রে গত দুই সপ্তাহ ধরে মাছ, মাংস, ডিম ও সবজির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ও সীমিত আয়ের ক্রেতারা। বাজারে পর্যাপ্ত নজরদারি ও মূল্য তালিকা না থাকায় বিক্রেতারা যে যার মতো দাম নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।
সপ্তাহের প্রতি বুধ ও শনিবার পাটকেলঘাটায় বড় হাট বসে। দূরদূরান্ত থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এখানে কাঁচামাল কিনতে আসেন। তবে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতা ও সাধারণ ব্যবসায়ী উভয় পক্ষই হতাশ। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ থেকে ৩০০ টাকা, গরুর মাংস ৭০০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি বেগুন ও পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারে প্রতি হালি সাদা ডিম ৬০ টাকা এবং লাল ডিম ৫০ টাকায় ঠেকেছে। মাছের বাজারে রুই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, মৃগেল ২২০ টাকা এবং তেলাপিয়া ও নাইলোটিকা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে। সাধারণ মানুষের জন্য ইলিশ এখন ‘স্বপ্নের মতো’, বাজারে ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা কেজি দমে।
ব্যবসায়ীদের দাবি, আড়তেই মাছ-সবজির দাম চড়া থাকায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। অন্যদিকে বাজারে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাঁচাবাজারে তদারকি না থাকায় সাধারণ মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।