শার্শায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
বাগআঁচড়া-শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় আট বছর বয়সী এক বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক নুরু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সাড়াতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরু উপজেলার কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা দুজনেই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে নিজের ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে নুরু পালিয়ে যায়।
পরে স্বজনেরা শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় শুক্রবার সকালে প্রতিবন্ধী শিশুটির চাচি বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাহ আলম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার আসামি নুরুল হক নুরুকে শুক্রবার বিকেলেই যশোর আদালতে পাঠানো হয়েছে।












