শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

বেনাপোল বন্দর দিয়ে আসছে ভারতীয় সামুদ্রিক ইলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
বেনাপোল বন্দর দিয়ে আসছে ভারতীয় সামুদ্রিক ইলিশ

এম এ রহিম, বেনাপোল (যশোর): বাংলাদেশের পদ্মার ইলিশের দারুণ কদর থাকা সত্ত্বেও চড়া দামের কারণে সেখান রপ্তানি বন্ধ রয়েছে। অন্যদিকে ভারত মহাসাগরে ধরা পড়া কম দামি ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে উল্টো আমদানি হচ্ছে দেশে। প্রতি কেজি দুই থেকে চার ডলারে এসব ইলিশ কেনা হচ্ছে।

বন্দর ও কাস্টমস সূত্র জানায়, বেনাপোলসহ বিভিন্ন শুল্কস্টেশন দিয়ে সাদা মাছের পাশাপাশি ইলিশ লেনদেন হয়। দাম বেশি হওয়ায় দেশীয় রুপালি ইলিশের পাঠ চুকলেও ভারত থেকে রুই, কাতলা ও সামুদ্রিক ইলিশ আসছে নিয়মিত।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উল্লেখ করেন, একসময় এখান থেকে প্রচুর ইলিশ পাড়ি দিত ভারতে। তবে ৬০০ গ্রাম থেকে এক কেজি ওজনের দেশীয় ইলিশ এখন ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বিপরীত দিকে আন্দামান দ্বীপসংলগ্ন মহাসাগরের ইলিশ মিলছে ৪ শত থেকে ৭ শত রুপিতে। স্বাদ কিছুটা কম হলেও তাই কম মূল্যের এই ইলিশের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। সম্প্রতি এই বন্দর দিয়ে ৬ হাজার কেজি ভারতীয় ইলিশ এসেছে। শুল্ক ও যাতায়াত খরচ মিলিয়ে ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ কেজিপ্রতি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা এবং ৭০০ থেকে ১ কেজি ওজনের মাছ ৯০০ থেকে ১ হাজার টাকায় পড়ছে। তবে দেশের বাজারে এ মাছ আরও চড়া দামে কেনাকাটা হচ্ছে।

বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মতিয়ার রহমান বিষয়টিকে তুলে ধরেন এভাবে—দেশীয় ইলিশের মূল্যবৃদ্ধিতে বাংলাদেশ ওপার বাংলায় বাজার হারাচ্ছে। আর ভারত মহাসাগরে প্রচুর মাছ মেলায় তারা কম খরচে রপ্তানি বাড়িয়ে ডলার আয় করছে। ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের দেশি ইলিশ বাজারে এখন ২ থেকে ৩ হাজার টাকায় ঠেকেছে।
বন্দর ব্যবহারকারী সাইফুল ইসলাম আফসোসের সুরে জানান, ইলিশ এখন দেশে যেন সোনার হরিণ, যার রপ্তানি পুরোপুরি থমকে আছে।

বেনাপোল কাস্টমসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম জানান, সাদা মাছের আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও ইলিশের রপ্তানি বন্ধ। কাস্টমস সূত্রে জানা গেছে, সম্প্রতি মিথ্যে ঘোষণায় আনা ১২ কার্টন ভারতীয় ইলিশ জব্দ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সাধারণত বিকেল থেকে রাতের মধ্যে এসব চালানের খালাসপ্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পাদন করা হয়।

 

 

 

 

Ads small one

আশাশুনিতে স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী হেফাজতে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
আশাশুনিতে স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী হেফাজতে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা কালিবাড়ি গ্রামে গলায় ফিতা পেঁচানো অবস্থায় রতন সানা (৩২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর মা অমরী রানী সানা থানায় লিখিত অভিযোগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্ত্রী চন্দ্রা বাছাড়ের (২২) সঙ্গে অন্য এক ব্যক্তির মুঠোফোনে কথা বলা নিয়ে রতনের ঝগড়া হয়। শনিবার ভোরে মাঠে যাওয়ার আগে ছেলে সাড়া না দিলে ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আশাশুনি থানার কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। লিখিত এজাহার পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চন্দ্রাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোমরা বন্দরে আমদানি হ্রাস: সরকারের হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
ভোমরা বন্দরে আমদানি হ্রাস: সরকারের হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি

এম শফিকুল ইসলাম: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আশঙ্কাজনক হারে কমেছে পণ্য আমদানি। আগে প্রতিদিন ১৫০-২০০টি ভারতীয় ট্রাক ঢুকলেও এখন তা ৮০- ১০০টিতে ঠেকেছে। ব্যবসা স্থবির হয়ে পড়ায় বেকার হয়ে পড়েছেন শত শত বন্দর শ্রমিক।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, কাজের পরিমাণ অর্ধেকে নামায় অনেক সিঅ্যান্ডএফ কর্মী বেকার হয়ে পড়েছেন, দপ্তর চালানো দায় হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী গণেশ ঘোষের মতে, ডলারের বাড়তি দর ও ভারতীয় পণ্যের দাম বাড়ায় লোকসানের ঝুঁকিতে আমদানি থমকে গেছে।
কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) মিজানুর রহমান জানান, এলসি কমে যাওয়া ও উচ্চ শুল্কের পণ্য না আসায় মন্দাভাব নেমে এসেছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে ২,০৬৪ কোটি টাকা লক্ষ্যমাত্রায় আয় হয়েছে মাত্র ১,১১৪ কোটি টাকা; ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৫০ কোটি টাকা।

 

সংবাদ প্রকাশের জেরে পাটকেলঘাটার সাংবাদিককে হুমকির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
সংবাদ প্রকাশের জেরে পাটকেলঘাটার সাংবাদিককে হুমকির অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: জ্বালানি তেলের সংকট নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক পত্রদূতের পাটকেলঘাটা প্রতিনিধি এম এম জামান মনিকে পথরোধ করে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি ‘পাটকেলঘাটা মজুমদার তেল পাম্পে জ্বালানি তেলের মহা সংকট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর খলিষখালী থেকে বাড়ি ফেরার পথে কাশিয়াডাঙা এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময় তাঁর মোটরসাইকেলের গতি রোধ করা হয়। অভিযোগ মতে, যুবদলের খলিষখালী সদস্যসচিব রিপন মোল্লা, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার সরদার এবং সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা একত্রে মব সৃষ্টি করে তাঁর পথ আটকান।
এ সময় জোরপূর্বক ফেসবুকে বক্তব্য নেওয়ার চেষ্টা ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় এবং প্রাথমিক পর্যায়ে তাঁর মোটরসাইকেলটি কেড়ে নেওয়া হয়। পরে সাধারণ মানুষের প্রতিবাদের মুখে মোটরসাইকেলটি ফেরত দেওয়া হয়। সাংবাদিককে এভাবে হুমকি ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাটকেলঘাটা প্রেসক্লাব।