বেহাল ঝাউডাঙ্গা-মুক্তিবাড়ি সড়ক: দুর্ভোগে ৫ ইউনিয়নের মানুষ
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা থেকে মুক্তিবাড়ি (বালিয়াডাঙ্গা) পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। অনেক জায়গায় রাস্তার একাংশ ধসে পাশের পুকুরে চলে যাওয়ায় যান চলাচল হয়ে পড়েছে চরম ঝুঁকিপূর্ণ।
স্থানীয় সূত্র জানায়, এই সড়কটি আশপাশের ৪ থেকে ৫টি ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র পথ। প্রতিদিন এই পথ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী সাধারণ মানুষ এবং শত শত কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল করে। এলাকার ব্যবসা-বাণিজ্য ও কৃষি অর্থনীতি সচল রাখতে এই সড়কটির গুরুত্ব অপরিসীম। তবে বর্তমানে সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, মাত্র ১০ ফুট প্রশস্ত এই সড়ক দিয়ে দুটি যানবাহন পাশাপাশি অতিক্রম করতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে বাজার এলাকায় যানজট এখন নিত্যদিনের চিত্র। বর্ষা মৌসুমের আগে সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সড়কটির গুরুত্ব বিবেচনা করে এলাকাবাসী কেবল সংস্কার নয়, বরং এটিকে প্রশস্ত করার দাবি জানিয়েছেন। ঝাউডাঙ্গার বাসিন্দা খালিদ হাসান বলেন, “মাত্র ১০ ফুট চওড়া রাস্তায় এখন আর গাড়ি চলে না। আমাদের দাবি, সড়কটিকে যথাযথ মান অনুযায়ী চওড়া করা হোক। পাশাপাশি বাজার অংশে আরসিসি ঢালাই এবং পুকুর পাড়ে টেকসই গার্ড ওয়াল নির্মাণ করে রাস্তাটি রক্ষা করা জরুরি।” ভোক্তভোগী সাধারণ মানুষ এই চরম দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।









