মামলা প্রত্যাহার করতে চাপ ও হামলার অভিযোগে থানায় জিডি
পত্রদূত রিপোর্ট: আদালতে করা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি, গালিগালাজ এবং মারধরের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. আমজিয়ার হোসেন (৪৬) নামের এক ব্যক্তি। সোমবার (২৫ সেপ্টেম্বর) তিনি সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এই ডায়েরিটি দায়ের করেন। জিডি নম্বর ১৭০২।
অভিযুক্তরা হলেনÑ সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর গ্রামের মো. আব্দুস সবুরের ছেলে মো. পন্টু হোসেন (২৮) এবং একই এলাকার মৃত আব্দুর আব্দুর রাজ্জাকের ছেলে মো. আব্দুস সবুর (৪৫)।
জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আমজিয়ার হোসেন সম্প্রতি অভিযুক্তদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: সিআর ১১২২/২৩)। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা আমজিয়ার হোসেনের বাড়ির সামনে সরকারি রাস্তার ওপর এসে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। মামলাটি অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁরা চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা আমজিয়ার হোসেনের নাকে-মুখে এলোপাতাড়ি থাপ্পড় মারেন।
ভুক্তভোগী আমজিয়ার হোসেন জানান, “মামলা তুলে না নিলে অভিযুক্তরা আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর, ঘরবাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” ঘটনাটি স্থানীয় মো. ইমরান আনছারী ও শরিফুল খাতুনসহ আরও কয়েকজন প্রত্যক্ষ করেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জিডির ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।






