মুক্তমত: সাতক্ষীরার দৃষ্টিসীমা আটকে দিচ্ছে অবৈধ ব্যানার
প্রতীকী ছবি
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
একটি জেলার সড়ক-মহাসড়কগুলোতে যাতায়াতকারী মানুষের সুবিধার্থে সরকারি উদ্যোগে বিভিন্ন দিকনির্দেশনা ও মাইলেজ বোর্ড স্থাপন করা হয়। কোন দিকে কোন উপজেলা, কোন সড়ক দিয়ে কোথায় যাওয়া যাবে কিংবা কোন স্থান কত কিলোমিটার দূরে, তা চালক ও পথচারীদের সহজে জানানোর জন্যই এই বোর্ডগুলো তৈরি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাতক্ষীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সরকারি নির্দেশনাবোর্ডগুলোকে ঢেকে দিয়ে নিজেদের প্রতিষ্ঠানের প্রচারণার ব্যানার বা বিজ্ঞাপন ঝুলিয়ে দেওয়া হচ্ছে।
সম্প্রতি সাতক্ষীরার বেশ কিছু সড়ক ঘুরে দেখা গেছে, মূল সরকারি মাইলেজ বোর্ডের ঠিক নিচেই বড় বড় ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে দূর থেকে আসা যানবাহন চালকদের মূল নির্দেশনা দেখতে চরম বেগ পেতে হচ্ছে। অনেক সময় গুরুত্বপূর্ণ মোড় বা দূরত্বের হিসাব দেখতে না পেয়ে চালকেরা বিভ্রান্ত হচ্ছেন, যা বড় ধরনের সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
সরকারি একটি স্থাপনা বা নির্দেশনামূলক বোর্ডের গায়ে বা ঠিক নিচে এভাবে বাণিজ্যিক বা ব্যক্তিগত ব্যানার লাগানো সম্পূর্ণ বেআইনি এবং চরম অসচেতনতার বহিঃপ্রকাশ। এটি কেবল সড়কের সৌন্দর্যই নষ্ট করছে না, বরং সরকারি সম্পত্তিরও অবমাননা করছে। নিজস্ব প্রতিষ্ঠানের প্রচারণার জন্য নির্দিষ্ট বিলবোর্ড বা অনুমোদিত জায়গা ব্যবহারের নিয়ম থাকলেও, সস্তা প্রচারের আশায় এই পন্থায় জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে। সাতক্ষীরার সাধারণ মানুষ মনে করছে, অতিসত্বর এই জেলাজুড়ে সড়কের নির্দেশনাবোর্ডগুলো থেকে সমস্ত অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা প্রয়োজন।
একই সাথে যারা সরকারি নির্দেশনাবোর্ড ঢেকে নিজেদের অ্যাড বা বিজ্ঞাপন প্রচার করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সড়ক যোগাযোগ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছি। লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ












