বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মুক্তমত: সাতক্ষীরার প্রাণকেন্দ্রে জনদুর্ভোগের মহোৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুক্তমত: সাতক্ষীরার প্রাণকেন্দ্রে জনদুর্ভোগের মহোৎসব

শেখ সিদ্দিকুর রহমান
সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুল মোড় থেকে সুলতানপুর বড় বাজার হয়ে পালপাড়া মোড় পর্যন্ত সড়কটি যেন এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। উন্নয়ন কাজের ধীরগতি, দখলদারিত্ব, আর বাজারের চরম অব্যবস্থাপনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরবাসী। প্রশাসনের নজরদারির অভাবে একদিকে যেমন ঠিকাদারের খামখেয়ালিপনা চলছে, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে পিষ্ট হচ্ছে সাধারণ ক্রেতারা।
১. পিএন স্কুল মোড়: উন্নয়নের নামে ভোগান্তি :
দীর্ঘদিন আগে টেন্ডার হলেও পিএন হাইস্কুল মোড় থেকে পালপাড়া মোড় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজ থমকে আছে। সরেজমিনে দেখা যায়, রাস্তার একপাশে কেবল ইটের গাঁথুনি দিয়ে কাজ ফেলে রাখা হয়েছে। দিনের পর দিন প্রধান এই সড়কটি খুঁড়ে রাখায় দিনরাত তীব্র যানজট লেগেই থাকছে।
রহস্যময় ঠিকাদার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই কাজের ঠিকাদারের নাম বা মোবাইল নম্বর স্থানীয়দের কাছে তো দূরের কথা, সংশ্লিষ্ট অনেক দপ্তরেও মিলছে না বলে অভিযোগ উঠেছে। কেন এই লুকোচুরি এবং কার ছত্রছায়ায় কাজ বন্ধ রাখা হয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
২. পাকাপোল থেকে বড় বাজার: ফুটপাতহীন রাস্তায় দখলের রাজত্ব পাকাপোলের মোড় থেকে সুলতানপুর বড় বাজার (কেষ্ট ময়রার মোড়) পর্যন্ত রাস্তাটির অবস্থা অবর্ণনীয়।
অস্তিত্বহীন ফুটপাত: রাস্তার দুই পাশে কোনো ফুটপাত নেই। তদুপরি সরু রাস্তার সিংহভাগ দখল করে রেখেছেন হকার ও দোকানিরা।
বেহাল দশা: রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যত্রতত্র ভ্যান ও মোটরসাইকেল পার্কিংয়ের ফলে পথচারীদের রীতিমতো ‘লড়াই’ করে চলাচল করতে হয়।
কাঁচাবাজারের দখল: বাজারের ভেতর মূল রাস্তা জুড়ে বসেছে অস্থায়ী কাঁচাবাজার, যা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের পথ পুরোপুরি রুদ্ধ করে দিয়েছে।
৩. বাজার সিন্ডিকেট: ওজনে কম ও পচা মাংসের কারবার
সুলতানপুর বড় বাজারে আসা ক্রেতাদের অভিযোগের শেষ নেই। অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য:
ওজনে কারচুপি: বিশেষ করে মুরগি, গরু ও ছাগলের মাংস এবং মাছ কেনার সময় ডিজিটাল বা সনাতন পাল্লায় কৌশলে ক্রেতাদের ঠকানো হচ্ছে।
পচা-বাসি মাংস: অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করা গবাদি পশুর পাশাপাশি অনেক দোকানে আগের দিনের বাসি ও পচা মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
পরিবেশ দূষণ: বাজারের মোড়ে মোড়ে ময়লার স্তূপ। ড্রেনেজ ব্যবস্থা অকেজো হওয়ায় পচা পানির দুর্গন্ধ ও ময়লার স্তূপের পাশ দিয়েই ক্রেতাদের কেনাকাটা করতে হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।
৪. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও স্বল্প আয়ের মানুষের হাহাকার
সবজি থেকে শুরু করে মাছ-মাংস—সবকিছুর দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। স্বল্প আয়ের মানুষরা বাজারে এসে দীর্ঘশ্বাস ফেলছেন। অনেকেই তালিকা কাটছাঁট করে ব্যাগের এক কোণে সামান্য বাজার নিয়ে বাড়ি ফিরছেন। বাজার মনিটরিং কমিটির কোনো তৎপরতা এখানে দৃশ্যমান নয়।
নাগরিক দাবি ও উপসংহার
সাতক্ষীরার এই অসহনীয় পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে নিচের পদক্ষেপগুলো নেওয়া জরুরি:
জবাবদিহিতা: পিএন স্কুল মোড়ের কাজের বিলম্বের কারণ খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
উচ্ছেদ অভিযান: রাস্তার ওপর থেকে অবৈধ দখলদার ও যত্রতত্র পার্কিং উচ্ছেদ করে পথচারীদের চলাচলের পরিবেশ নিশ্চিত করা।
বাজার তদারকি: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওজনে কারচুপি ও পচা মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা।
বর্জ্য ব্যবস্থাপনা: পৌর কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ময়লা অপসারণ ও বাজার পরিষ্কার রাখা।
সাতক্ষীরা শহরের এই নাভিশ্বাস ওঠা জনজীবন স্বাভাবিক করতে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

Ads small one

সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: আলোচনা সভার বক্তারা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: আলোচনা সভার বক্তারা

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী সিপিজি কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ।

সিএমসি সভাপতি মাহামুদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বনভিবাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন। সিএমসি সদস্য আবু ফরিদের সঞ্চালনায় বক্তব্য দেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কলাগাছিয়া বনবিভাগ কেন্দ্রের ইনচার্জ সুলজ কুমার দ্বীপ, ফরেস্ট জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সিপিজি সদস্য পঞ্চি রানী ও রুহুল আমিন, সিএমসি সদস্য আব্দুর রশিদ এবং উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।

বক্তারা বলেছেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের জাতীয় গর্ব নয়, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই সুন্দরবন ও বাঘ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

সংবাদদাতা: দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ জুলাই) দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও দেবহাটা উপজেলা প্রশাসন ও দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম,
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট মুহা: মুনিরুদ্দীন, দেবহাটা সরকারি বি. বি. এম.পি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমূখ।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন দেবহাটা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আকবর আলী, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ শাহজাহান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক মির্জা মুহসিন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ।

 

ফাইনালে বিতর্কের বিষয় ছিল- দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন এবং বিতর্কের বিপক্ষ দল হিসাবে অংশ নেয় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিতর্কে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন আফরিনা আলম পাপড়ি

রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় দেবহাটা উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

 

 

 

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, দেবহাটা বিজিবির নায়েব সুবেদার সোলাইমান হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজসহ বিজিবি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার বিষয়ে জানানো হয়। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইন-শৃঙ্খলার অবনতি যেন না ঘটে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।