মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে শহরের পাকাপোলে এ কর্মসূচি পালিত হয়। এতে তিন শতাধিক মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এ ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের শাস্তি দাবি করেন। তিনি বলেন, একজন মুসলমানের জানাজা ও দাফনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদানে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। অথচ একজন মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ধর্ম, বর্ণ ও রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠে মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করার সুযোগ দেওয়া সবার নৈতিক দায়িত্ব।
বক্তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় আরও বক্তব্য দেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, আব্দুর রউফ, আব্দুল হামিদ, আব্দুস সোবহান, শফিক আহমেদ ও রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।









