ম্যাংগো’র স্বপ্নপূরণ
বাপী নাগ
আমার নাম ম্যাংগো, আমার মনের কথা-আমি খুব সাধারণ এক পরিবার থেকে উঠে আসা
এক সৌভাগ্যবান প্রাণী। জন্মের মুহূর্তেই মায়ের স্নেহছায়া থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম।
বাবাকে কোনোদিন চোখে দেখিনি!
বলা যায়, একেবারে শূন্য থেকেই আমার জীবনযাত্রার সূচনা। তবে ভাগ্যের পরিহাসে কখনো হার মানিনি,
স্বপ্ন দেখাও বন্ধ করিনি। আজ আমার নিজের একটি ছোট্ট বাড়ি আছে, যাতায়াতের জন্য গাড়ি এবং গাড়ি চালানোর জন্য চালকও রয়েছে।
আমার রসনাতৃপ্তির জন্য নিযুক্ত রয়েছেন মনের মতো রাঁধুনি। স্বাস্থ্য সুরক্ষায় হেলথ ইনস্যুরেন্স, ঘরদোর পরিচ্ছন্ন রাখার জন্য পরিচারক, এমনকি আমাকে স্নান করিয়ে পরিপাটি করে দেওয়ার জন্যও মনের মত লোকের ব্যবস্থা রয়েছে!
জীবনটা এখন বেশ রাজকীয় কায়দায় কাটে। সময়মতো খাওয়া-দাওয়া করি, অনেক সময় খেতে ইচ্ছে না করলেও আদর করে খাইয়ে দেয়। প্রাণভরে খেলাধুলা করি, আরাম করে ঘুমাই। আমার জন্য ছোট্ট সোফা আছে। পরিবারের সকলের আদর, সোহাগ আর অনাবিল স্নেহে আমার দিনগুলো কেটে যায় পরম আনন্দে ও ভীষণ খুশিতে। জানো তো, আমি জীবনে কখনো স্বপ্ন দেখা ছেড়ে দিইনি। আজ সেই স্বপ্নেরই এক ছোট্ট সুন্দর বাস্তবতায় আমার বসবাস। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো, যেন জীবনের বাকি দিনগুলোও এমনই সুখে, শান্তিতে আর অফুরন্ত আদরে কাটিয়ে দিতে পারি।
“ইতি”
তোমাদের আদরের চারপেয়ে রাজপুত্র!












