বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে দিনটি এবারও রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।

গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃথক বাণী দিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসে ১৬ জুলাই একটি তাৎপর্যপূর্ণ দিন।

এই দিনে আন্দোলনের সূচনাপর্বে সংঘটিত সহিংসতায় কয়েকজন আন্দোলনকারী নিহত হন। তাঁদের আত্মত্যাগ পরবর্তী সময়ে সারা দেশে আন্দোলনকে আরও বেগবান করে এবং শিক্ষার্থী, তরুণ, শ্রমিক ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সম্পৃক্ত হন।

পরবর্তীকালে আন্দোলন দেশব্যাপী গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শহীদদের স্মরণে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন রয়েছে।

‘জুলাই শহীদ দিবস’ (১৬ জুলাই) উপলক্ষে দেওয়া এক বাণীতে বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের ইতিহাসে দিনটি এক গভীর তাৎপর্যপূর্ণ দিন।

তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রপতি আন্দোলনে আহত সাহসী তরুণ-তরুণী ও যুবপ্রজন্মের প্রতি শ্রদ্ধা জানান। এদের অনেকে পঙ্গুত্ববরণ করে আজও যন্ত্রণাময় জীবনযাপন করছেন।

একই সঙ্গে তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধা ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ ও অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, এই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক আন্দোলন বা অর্জন নয়, এটি ছিল গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত আকাঙ্খা, সাহস ও আত্মত্যাগের ফসল।

জুলাই শহীদদের আত্মদান স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ।

জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। জুলাইয়ের চেতনা একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, জুলাইয়ের সেই গণ-অভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ দেড় দশক ধরে জনগণের ওপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমন-পীড়ন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ।

তিনি বলেন, সেই আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ তাদের মর্যাদা, অধিকার ও গণতান্ত্রিক আকাক্সক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।

তারেক রহমান বলেন, ঐতিহাসিক সেই গণ-অভ্যুত্থানের দুই বছর পর আজ আমাদের সরকার শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, মানবাধিকার সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শোকর‌্যালি, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়।

বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়েও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র ও গণগ্রন্থাগারে বিশেষ প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও দিবসটিকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরছেন।

অনেকে জুলাই আন্দোলনের স্মৃতি, ছবি ও অভিজ্ঞতা ভাগাভাগি করছেন এবং নতুন প্রজন্মকে দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস জানার আহ্বান জানাচ্ছেন।

দেশের বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা, গির্জায় প্রার্থনা সভা ও প্যাগোডায় শান্তি কামনায় ধর্মীয় আচার পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শহীদদের স্মৃতি জাতিকে ভবিষ্যতের পথচলায় সাহস ও প্রেরণা জোগাবে, এমন প্রত্যাশার মধ্য দিয়ে আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস।

Ads small one

বিভিন্ন স্থানে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
বিভিন্ন স্থানে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন

সাতক্ষীরার বিভিন্ন উপজেলা ও স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা, বিশেষ পূজা-অর্চনা, কীর্তন ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে জেলাজুড়ে এই উৎসব শুরু হয়। স্থানভিত্তিক সংক্ষিপ্ত সংবাদগুলো নিচে তুলে ধরা হলো:
পাটকেলঘাটা: পাটকেলঘাটায় শ্রীশ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় পাটকেলঘাটা বলফিল্ড রথ মন্দির থেকে শত শত নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামের উপস্থিতিতে শোভাযাত্রাটি কালীবাড়ি সড়ক, গোডাউন সড়ক ও বলফিল্ড সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া উপজেলার খলিশখালী ও দলুয়া বাজারেও আনন্দঘন পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়। দলুয়া বাজার মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রাটি কৈখালী ও টিকরামপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়। কুমিরা বাসস্ট্যান্ডেও রথযাত্রা উপলক্ষে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। উৎসবের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 


শ্যামনগর: শ্যামনগরের গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে মহাসমারোহে জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা উদযাপিত হয়েছে। মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম প্রমুখ।
রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর পরিচালনায় আলোচনা সভা ও পূজা শেষে রথটান শুরু হয়। শোভাযাত্রাটি গোপালপুর রাধাগোবিন্দ মন্দির থেকে বের হয়ে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ ছাড়া উপজেলার সোনামুগারী রাস মন্দির, বল্লভপুর সার্বজনীন দুর্গা মন্দির, হরিনগর সাধুপাড়া কৃষ্ণ মন্দির এবং বুড়িগোয়ালিনীতে রথ উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।
লাবসা: সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির (কর্মকর পাড়া) প্রাঙ্গণে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লাবসার ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বনাথ ম-ল, ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, মন্দির কমিটির সভাপতি অমিত চক্রবর্তী, রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক আনন্দ কর্মকর ও সদস্য সচিব অসীম কর্মকর।
ব্রহ্মরাজপুর: ব্রহ্মরাজপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত ও মন্দিরের অধ্যক্ষ ভীম বন্ধু দাস কৃষ্ণদাস অধিকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাইলাল সাহা।


তালা: তালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার মাঝিয়াড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি প্রভাষক আহ্লাদ ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। বসু ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি এবং তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
বুধহাটা: আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথ শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নওয়াপাড়া মন্দির, শ্বেতপুর মন্দির এবং বুধহাটা দক্ষিণপাড়া মন্দির প্রদক্ষিণ করে মাসির বাড়িতে গিয়ে শেষ হয়।

 


কাটিয়া কর্মকারপাড়া: সাতক্ষীরা সদর উপজেলা (কাটিয়া কর্মকার পাড়া) সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, দীনবন্ধু মিত্র, কিরণ্ময় সরকার, মনোরঞ্জন কর্মকার মন্টু, স্বপন কুমার সাহা ও সমীর কুমার বসুসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।

 


কলারোয়া: কলারোয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, মঙ্গল আরতি, গীতাপাঠ ও ভজনকীর্তনের মধ্য দিয়ে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। কলারোয়া পৌরসভার হরিতলা পূজাম-প, গোয়ালঘাটা পূজাম-প ও উত্তর মুরারীকাটি পালপাড়া পূজাম-পে পৃথকভাবে এই উৎসবের আয়োজন করা হয়। রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল জানান, গোয়ালঘাটা ও হরিতলা পূজাম-প যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। অন্যদিকে, উত্তর মুরারীকাটি পালপাড়ায় কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের উদ্যোগে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় উৎসবের সূচনা হয়।

 


কালীগঞ্জ: কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটিতে ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। তিনি গোবিন্দকাটির রথযাত্রা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটি, সেবায়েত ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিয়ে কথা বলেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান হাবলু এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী প্রমুখ। পরিদর্শনকালে অ্যাডভোকেট ইফতেখার আলী সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।

 

ঝাউডাঙ্গায় মন্দিরের জমি দখল ও চুরির ঘটনার প্রতিবাদে ক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
ঝাউডাঙ্গায় মন্দিরের জমি দখল ও চুরির ঘটনার প্রতিবাদে ক্ষোভ

সংবাদদাতা: সদর উপজেলার ঝাউডাঙ্গা জগন্নাথদেব মন্দিরে সকাল থেকেই গীতাপাঠ ও শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটায় ঝাউডাঙ্গা জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি সন্তোষ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব।
সভায় বিশিষ্ট ধর্মীয় আলোচক গোষ্ঠী বিহারী ম-ল ও সাংবাদিক রঘুনাথ খাঁ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং মন্দির ও হিন্দুদের জায়গা জবরদখলের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করে বলেন, ঝাউডাঙ্গা জগন্নাথ মন্দিরের ৯৬ শতক জমির একটি অংশ জোরপূর্বক ভুয়া ডিসিআর দেখিয়ে দখল করে রাখা হয়েছে। এ ছাড়া সম্প্রতি পরানদহে কানাই সরদার ও বিপ্লব সরদারের জমি জবরদখলের চেষ্টা এবং শ্যামনগরে মন্দির ও হিন্দুদের জমি দখলের ঘটনা ঘটছে।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে দুঃসাহসিক চুরি, সরকারপাড়ায় চুরি এবং শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে মায়ের মুকুট চুরির ঘটনায় পুলিশ কার্যকর কোনো ক্লু বা চোরদের গ্রেপ্তার করতে পারেনি। এমনকি মিথ্যা অভিযোগ এনে বল্লী ও আশাশুনির কয়েকজন শিক্ষক ও কর্মচারীকে বিদ্যালয় থেকে বহিষ্কারের চেষ্টার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এসব ঘটনায় বিচার না পেয়ে সনাতন ধর্মাবলম্বীদের মনোবল ভেঙে যাচ্ছে বলে তাঁরা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। মুক্তিযুদ্ধে হিন্দুদের অবদান অনস্বীকার্য। ঝাউডাঙ্গা জগন্নাথদেব মন্দিরের এক ইঞ্চি জায়গাও জবরদখল করতে দেওয়া হবে না, কেউ দখল করার চেষ্টা করলে কড়া হাতে তা মোকাবিলা করা হবে। পরে তিনি ফিতা কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন।

সাতক্ষীরায় এক সপ্তাহে সবজির দাম দ্বিগুণ, চরম বিপাকে নি¤œ আয়ের ক্রেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় এক সপ্তাহে সবজির দাম দ্বিগুণ, চরম বিপাকে নি¤œ আয়ের ক্রেতারা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার স্থানীয় বাজারে হঠাৎ করেই সবজির দাম দ্বিগুণ বেড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন নি¤œ ও সীমিত আয়ের মানুষ। তবে বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ থাকার পরও এই মূল্যবৃদ্ধিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না ক্রেতারা। অন্যদিকে আড়তদার ও খুচরা বিক্রেতারা চড়া দামে সবজি বিক্রি করলেও উৎপাদনকারী কৃষকেরা কাক্সিক্ষত দাম পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
সাতক্ষীরা শহরতলীর কদমতলা ও সুলতানপুর বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম দ্বিগুণ হয়েছে। বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি করল্লা ও উচ্ছে বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। একইভাবে আগের সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটো এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পটল ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, বেগুন ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, গাজর ৫০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা এবং ঢেঁড়শ ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ গত সপ্তাহের ৬০ টাকার পরিবর্তে এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। এ ছাড়া গোল আলু প্রতি কেজি ২০ টাকা থেকে বেড়ে ২৫ টাকা এবং লাউ প্রতি পিস ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
পাইকারি বাজারেও একই ধরনের মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। আড়তে প্রতি কেজি করল্লা ও উচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। টমেটো পাইকারি ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, পটল ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, বেগুন ৩০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা এবং গাজর ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। এ ছাড়া পাইকারিতে ঢেঁড়শ ৩০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, আলু ২১ টাকা এবং লাউ প্রতি পিস ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে আসা সবজি চাষিরা ক্ষোভ প্রকাশ করে জানান, বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ থাকলেও তাঁরা উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। মধ্যস্বত্বভোগী আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে কম দামে সবজি কিনে বাজারে দ্বিগুণ দামে বিক্রি করছেন। চাষিরা আরও জানান, চলতি মৌসুমে অতিরিক্ত বর্ষায় ঘের এলাকার বেড়িবাঁধের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় তাঁদের উৎপাদন খরচ অনেক বেশি পড়েছে। বাজারে যদি কৃষকেরা ন্যায্যমূল্য না পান, তবে তাঁদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।