বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর পাঁচ জরুরি পদক্ষেপের প্রস্তাব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর পাঁচ জরুরি পদক্ষেপের প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে তিনি এসব প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীর প্রস্তাবের মধ্যে রয়েছে—রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন; রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ ও তাদের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা; রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত করা; ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার ও তদন্ত ব্যবস্থাকে সহযোগিতা করা এবং মাদকপাচার, মানবপাচার, ডিজিটাল প্রতারণা ও অবৈধ অস্ত্রসহ আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।

প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। ২০১৭ সালে সহিংসতার পর সংকট আরও গভীর হয়েছে। বাংলাদেশ এখনও ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। একইসঙ্গে মিয়ানমারে সহিংসতার কারণে নতুন করে মানুষ পালিয়ে আসছে এবং শিবিরগুলোতে প্রতিবছর হাজার হাজার শিশুর জন্ম হচ্ছে।

বাংলাদেশ মানবিক কারণে সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রায় ৬ হাজার লার্নিং সেন্টারে মিয়ানমারের পাঠ্যক্রমভিত্তিক শিক্ষা দেওয়া হচ্ছে। তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে তারা রাখাইন রাজ্যে পুনঃএকীভূত হওয়ার জন্য প্রস্তুত হতে পারে।

তিনি বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ বাড়ছে। এর সঙ্গে মানবপাচার, মাদকপাচার ও অন্যান্য আন্তসীমান্ত অপরাধের ঝুঁকিও তৈরি হয়েছে। এই সংকট অমীমাংসিত থাকলে তা পুরো অঞ্চলের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জে পরিণত হতে পারে।

মানবিক সহায়তার পরিমাণ কমে আসায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তার আবেদন করা হলেও ২০২৬ সালের জন্য তা কমিয়ে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে। প্রয়োজন বাড়লেও সহায়তা কমে যাওয়ার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেই নিহিত। রাখাইন রাজ্যে রোহিঙ্গারা এখনও জোরপূর্বক নিয়োগ, নির্বিচারে আটক, চলাচলে বিধিনিষেধ ও জোরপূর্বক শ্রমসহ বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি—উভয়ের বিরুদ্ধেই গুরুতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখনও তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখন সহমর্মিতা থেকে সংকটের মূল কারণ ও সমাধানের দিকে এবং প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপের দিকে এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে ও অধিকার সুরক্ষিত রেখে মিয়ানমারে নিজ ঘরে ফিরে যাক। প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ প্রত্যাবাসনে সহায়তা করতে প্রস্তুত। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ সংকট সমাধানে দৃঢ়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Ads small one

আশাশুনিতে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
আশাশুনিতে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার নয়াবাদ গ্রামে স্বামীর মারধরে মিনতি বাছাড় নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৩ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত গৃহবধূর পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্বামী শ্যামল বাছাড় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির একপর্যায়ে মিনতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। তাঁর মাথায় একাধিক সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

সাতক্ষীরায় এবি পার্টির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় এবি পার্টির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: জি এম সালাহউদ্দিনকে (শাকিল) আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) প্রফেসর ওহাব মিনার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আযম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. ইয়ামিনুর রহমান। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে জেলাজুড়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও স্থানীয় জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কলারোয়ায় ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
কলারোয়ায় ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সংবাদদাতা: কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতাকে কেন্দ্র করে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার পূর্বকোটা গ্রামে ভুক্তভোগীদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কলারোয়া থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে পূর্বকোটা গ্রামের এমদাদুলের মাছের ঘেরে অভিযুক্ত ব্যক্তিরা জাল পাতছিলেন। এমদাদুলের বাবা হযরত আলী (৬২) বাধা দিলে তাঁদের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে অভিযুক্ত মো. ওবায়দুলের নির্দেশে মো. অহেদুজ্জামান ধারালো দা দিয়ে হযরত আলীর মাথায় কোপ দেন। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে একরামুলকে (৩২) লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। আহতদের উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এমদাদুল বাদী হয়ে মো. অহেদুজ্জামান (৩৭), রাশেদুজ্জামান নাসিম (২৩) ও মো. ওবায়দুলকে (৪৫) আসামি করে মামলা করেছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।