সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

লিমনের মরদেহ উদ্ধারের কাছাকাছি এলাকায় অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
লিমনের মরদেহ উদ্ধারের কাছাকাছি এলাকায় অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মৃত উদ্ধারের পর এবার আরেকজনের মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল)ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। মার্কিন সংবাদমাধ্যম ১০ টাম্পা বে নিউজ এ খবর জানিয়েছে।

 

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া দেহটি এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের কার্যালয় তদন্ত করছে।

 

 

এর আগে চলতি সপ্তাহে একই এলাকা থেকে নিখোঁজ হওয়া ইউএসএফের বাংলাদেশি ছাত্র জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি মার্ডারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হয় এবং বর্তমানে ফালকেনবার্গ রোড কারাগারে বন্দি রয়েছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, এখনও খোঁজ মেলেনি নাহিদার

 

অপর নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধানে এখনও তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে সর্বশেষ গত ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন এবং নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরাল শিক্ষার্থী।

 

এদিকে রবিবার সকাল থেকেই হিলসবরো ও পিনেলাস কাউন্টির মেরিন ইউনিট যৌথভাবে নৌকা, হেলিকপ্টার ও পায়ে হেঁটে সেতুর আশপাশের ম্যানগ্রোভ এলাকা ও জলপথে তল্লাশি চালায়। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

 

আরও পড়ুন: লিমন-বৃষ্টিকে হত্যায় হিশামকে অভিযুক্ত করলো পুলিশ

 

সাধারণত শান্ত এই এলাকায় ব্যাপক পুলিশি উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা আরনাড ইউটিল বলেন, এখানে এই পরিমাণ পুলিশ দেখে আমরা অবাক হয়েছি। এই এলাকাটি সাধারণত খুব শান্ত থাকে।

 

কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নাহিদা বৃষ্টির অবস্থান সম্পর্কে কোনও তথ্য থাকলে তা হিলসবরো কাউন্টি শেরিফ অফিসে জানাতে অনুরোধ করা হয়েছে।

Ads small one

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের দিকনির্দেশনা অধিবেশন ও যুব নেটওয়ার্ক গঠন সভা।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘ইয়ুথ শেয়ার-নেট’ প্রকল্প-এর আওতায় দলিত-এর বাস্তবায়নে সম্পন্ন হয়। প্রকল্পটি সাতক্ষীরাসহ খুলনা বিভাগের খুলনা, যশোর, নড়াইল ও বাগেরহাট জেলায় বাস্তবায়িত হচ্ছে।

আয়োজকরা জানান, বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এখনও একটি সংবেদনশীল ও অনেকাংশে উপেক্ষিত বিষয়। সামাজিক রক্ষণশীলতা, কুসংস্কার এবং তথ্যের অভাবের কারণে বিশেষ করে দলিত ও প্রান্তিক তরুণ-তরুণীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও তথ্য থেকে বঞ্চিত হন। এ বাস্তবতায় তরুণদের জ্ঞান ও সক্ষমতা বাড়িয়ে একটি শক্তিশালী যুব নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কর্মসূচিতে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে কলেজ পড়ুয়া শিক্ষার্থী, স্থানীয় যুব ক্লাবের সদস্য এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে মৌলিক ধারণা, শারীরিক স্বায়ত্তশাসন, ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক কলঙ্ক ও বাধা মোকাবেলার কৌশল এবং যুব নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণমূলক আলোচনা, দলীয় কাজ, অভিজ্ঞতা বিনিময় এবং উপস্থাপনার মাধ্যমে বিষয়গুলোকে সহজ ও বাস্তবমুখীভাবে তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, এই দিকনির্দেশনা অধিবেশনের মাধ্যমে একটি জেলা পর্যায়ের যুব নেটওয়ার্ক গঠিত হবে, যা ভবিষ্যতে এই উদ্যোগের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন যুবক নিজ নিজ এলাকায় ছোট ছোট দল গঠন করে প্রায় ২০০ জন প্রান্তিক তরুণ-তরুণীর মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ক ধারণা দেন দলিত-এর ‘ইয়ুথ শেয়ার-নেট’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাকিকুরুন আক্তার। এ সময় কর্মসূচিতে অংশ নেন দলিত-এর ‘ইয়ুথ শেয়ার-নেট’ প্রকল্পের অর্থ কর্মকর্তা প্রতাপ কুমার দাস ও প্রোগ্রাম অফিসার রতিকান্ত মুন্ডা।

এসময় বক্তারা বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে নীরবতা ভাঙতে হবে এবং তরুণদের জন্য একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারে। একইসঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করেছে। তারা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকদের আশা, ‘ইয়ুথ শেয়ার-নেট’ প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা এই যুব নেটওয়ার্ক উপকূলীয় অঞ্চলে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওরিয়েন্টেশনের সমাপনী পর্যায়ে উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) কর্মকর্তা প্রণব বিশ্বাস বক্তব্য রাখেন। তিনি বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে হলে শুধু সচেতনতা নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সহায়তা ও সহজলভ্য সেবা নিশ্চিত করা। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, যে কোনো ধরনের সহিংসতা, নির্যাতন বা হয়রানির ঘটনায় নির্ভয়ে আইনি সহায়তা নেওয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা জরুরি। একই সঙ্গে তিনি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে এ বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, যুব সমাজই পারে সমাজের বিদ্যমান কুসংস্কার ভাঙতে এবং একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখতে। তাই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের নিজ নিজ এলাকায় সক্রিয় হয়ে কাজ করার মাধ্যমে এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

 

তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটানোর জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করা হয়েছে। সারা দেশে তীব্র তাপপ্রবাহে মানুষ ও প্রাণিকুল প্রায় বিপন্ন। মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে পশু-পাখি। প্রাণিকুলেও পড়েছে হাহাকার।

খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবি পাখিদের তৃষ্ণা মেটাতে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করছে। সারা দেশে তাপদাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে কেবল মানুষের প্রাণই ওষ্ঠাগত নয়, পশু-পাখিরাও অতিষ্ঠ। দুপুরের তীব্র তাপদাহে পাখিরা হিট স্টোকে আক্রান্ত হচ্ছে। পানি শুন্যতায় মারাও যাচ্ছে পাখি।

চলমান তাপদাহে পশু-পাখিরা অসুস্থ ও মারা না গেলেও, গরমে ছটফট করছে। স্বাভাবিক চলাফেরা বাদ দিয়ে ওরা নেমে পড়ছে পাানিতে, আশ্রয় নিচ্ছে ছায়ায়। পশু-পাখিরা গরমে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। একটু প্রশান্তি পেতে ঘন ঘন গা ভেজাচ্ছে পানিতে।

প্রচন্ড তাপদাহে পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করা হয়েছে। পাখিরা সহজে যাতে পানি পেতে পারে তার জন্য প্রতিদিন সকালে পাত্রে পানি পূর্ণ করে রাখা হচ্ছে।
গেল কয়েক দিন ধরে প্রচন্ড তাপদাহে প্রাণীকুল ওষ্ঠাগত। তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠা নামা করছে। টানা তাপপ্রবাহের মধ্যে অতিষ্ঠ পাখিরাও যাচ্ছে জলের কাছে। কেউ তেষ্টা মেটাচ্ছে, কেউ ভিজিয়ে নিচ্ছে গা। কুকুরও পানিতে নেমে গা ভিজাচ্ছে।

পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে পাখি ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।

পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটানো এবং শরীর ঠান্ডা রাখতে খোলা পাত্রে পানির ব্যবস্থা করা একটি মানবিক দায়িত্ব। এই প্রচন্ড গরমে প্রাকৃতিক পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় পাখিরা সহজেই পানিশূন্যতায় ভোগে, যা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে দুপুরে প্রখর রোদে প্রাকৃতিক পানির উৎস শুকিয়ে যাওয়ায় পাখিরা পানিশূন্যতায় মারা যেতে পারে। তীব্র গরমে সচেতনতা ও আমাদের সামান্য উদ্যোগ অনেক পাখির প্রাণ বাঁচাতে পারে।

 

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সনাক-টিআইবির অধিপরামর্শ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সনাক-টিআইবির অধিপরামর্শ সভা

স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় হাসপাতালের সার্বিক সেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসেÑসিটিজেন চার্টার ও তথ্য বোর্ড দৃশ্যমানভাবে প্রদর্শন, বহির্বিভাগে বিনামূল্যের ওষুধের সংকট হ্রাস, টিকিট ও ওষুধ কাউন্টারে নারী-পুরুষের জন্য পৃথক লাইন চালু, হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, রোগীদের খাবারের মান উন্নয়ন, ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করার প্রবণতা বন্ধ, দালালদের দৌরাত্ম্য রোধ এবং নার্সদের সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা। এসব সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও কর্ম-কৌশল উপস্থাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খোদা। স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. সুশান্ত কুমার ঘোষ, আহ্বায়ক, স্বাস্থ্যবিষয়ক উপকমিটি, সনাক সাতক্ষীরা। বক্তব্য রাখেন কল্যাণ ব্যানার্জি, যুগ্ম আহ্বায়ক; এসিজি সমন্বয়ক রায়হাতুল জান্নাত; সহ-সমন্বয়ক উজ্জ্বল মাখাল; এবং ইয়েস সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ। সভা পরিচালনা ও তথ্য উপস্থাপন করেন আল-আমিন, এরিয়া সমন্বয়কারী, সনাক-টিআইবি, সাতক্ষীরা।

সভাপতির বক্তব্যে ডা. শেখ কুদরত-ই-খোদা বলেন, “বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালের সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতির অংশ হিসেবে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্বচ্ছতা ও সেবার মান উন্নয়নে সনাক-টিআইবির তথ্যভিত্তিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।” প্রেসবিজ্ঞপ্তি