শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সৈয়দ আব্দুল হাদী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সৈয়দ আব্দুল হাদী

বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তী ও কালজয়ী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা জানাতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সম্প্রতি শিল্পকলা একাডেমির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই সম্মাননা প্রদান ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পুরো অনুষ্ঠানটি আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্ধশতাব্দীরও অধিক সময় ধরে বাংলা গানকে নিজস্ব কণ্ঠমাধুর্য, শিল্পনিষ্ঠা ও অনবদ্য পরিবেশনার মাধ্যমে সমৃদ্ধ করে জাতির সাংস্কৃতিক ঐতিহ্যকে ঋদ্ধ করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সংগীতভুবনের এই জীবন্ত কিংবদন্তীকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশের আধুনিক গানের স্বর্ণযুগকে যারা সমৃদ্ধ করেছেন, সৈয়দ আব্দুল হাদী তাদের মধ্যে অন্যতম। তাঁর কণ্ঠের ব্যাপ্তি, তন্ময়তা আর বিদগ্ধ-গম্ভীর সুরআবেগ সাধারণ শ্রোতা থেকে শুরু করে গুণীজন—সবার হৃদয়কে স্পর্শ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৈয়দ আব্দুল হাদী এমন একজন মাপের শিল্পী, যিনি খ্যাতির শিখরে থেকেও চিরকাল প্রচারবিমুখ ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন, প্রকৃত শিল্পী হতে গেলে আত্মপ্রচারের চেয়ে আত্মনিবেদন বড়। শুধু তাঁর গানের গুণগত মানের জন্য নয়, বরং একজন মানুষ হিসেবে তাঁর দৃষ্টিভঙ্গি ও জীবনবোধের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

১২ জুনের এই আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বরেণ্য শিল্পীরা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

Ads small one

বেনাপোল সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
বেনাপোল সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Oplus_131072

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক পৌনে সাত লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে বিজিবির টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৬৮৬টি কসমেটিকস সামগ্রী এবং জিরার মতো কিছু খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।

অধিনায়ক আরও জানান, মাদকদ্রব্য ও সীমান্ত চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

জ্ঞানচর্চার বিকল্প নেই: পাঠক সমাবেশে ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
জ্ঞানচর্চার বিকল্প নেই: পাঠক সমাবেশে ইজ্জত উল্লাহ

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী খান নাজমুল পাবলিক লাইব্রেরির পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লাইব্রেরি কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

লাইব্রেরির সভাপতি মাস্টার আবদুল মান্নান ফকিরের সভাপতিত্বে এবং সুপার মাওলানা আইয়ুব আলী মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ইদ্রিস আলী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক নাজমুল হক খান, অধ্যাপক ইয়াসিন আলী সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী মোড়ল, মাওলানা রেজাউল করিম, চিকিৎসক রুহুল আমিন, চিকিৎসক শরফুদ্দিন শেখ, শিক্ষক হাবিবুল্লাহ শাহীন ও শিক্ষক সাইফুল ইসলাম মোড়ল। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পাঠকদের সঙ্গে মতবিনিময়কালে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। পাঠাভ্যাস মানুষের চিন্তা, মনন ও বিবেককে সমৃদ্ধ করে। তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করার পাশাপাশি লাইব্রেরিগুলোকে আরও সমৃদ্ধ ও পাঠকবান্ধব করে তুলতে হবে।” অনুষ্ঠানে লাইব্রেরির উন্নয়ন, সেবা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের বই পড়ার আগ্রহ তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে গণভোজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে গণভোজ

সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কার হিসেবে দেওয়া গরু ও ছাগলের মাংস দিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর জন্য ভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর মিঠাবাড়ি ঈদগাহ ময়দানে এ ভোজের আয়োজন করা হয়। এতে একটি গরু ও একটি ছাগলের মাংস দিয়ে মোট ২৪ ডেগ খিচুড়ি রান্না করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি, ধারাভাষ্যকার অলিউল ইসলাম ওলি, জাকির হোসেন, আলমগীর হোসেন, টুর্নামেন্টের রেফারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম. লিয়াকত আলীর উপস্থিতিতে ভোজের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংঘের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা ও মোশাররফ হোসেন।

আয়োজকরা জানান, সম্প্রতি মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি গরু দেওয়া হয়। সেই গরু ও একটি ছাগলের মাংস দিয়ে স্থানীয় গ্রামবাসীর জন্য এই ভোজের আয়োজন করা হয়।
ভোজে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন। আয়োজকদের এমন উদ্যোগে গ্রামবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।