সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা হাজী নজরুলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:২১ অপরাহ্ণ
শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা হাজী নজরুলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের চলমান বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে এবার জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ মে) রাতে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন। মামলায় প্রধান আসামি করা হয়েছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ ও সুরা সদস্য হাজী মো. নজরুল ইসলামকে। এছাড়া তার ছেলে আব্দুর রহমান, বিশ্বজিৎ মন্ডলসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্যামনগরের পূর্ব দুর্গাবাটি এলাকায় জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ডিএল-উন্নয়ন (জেভি) ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষে আর-রাদ করপোরেশন। অভিযোগ রয়েছে, গত বছরের আগস্ট থেকে অভিযুক্ত চেয়ারম্যান নজরুল ইসলাম প্রকল্প সংশ্লিষ্টদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন এবং কাজ বন্ধের জন্য চাপ প্রয়োগ করছিলেন।

এজাহারে বলা হয়, চাঁদা না দেওয়ায় গত ১৪ এপ্রিল থেকে প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুলিশ সুপারকে অবহিত করা হলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১৯ মে রাতে প্রকল্প এলাকায় গিয়ে চেয়ারম্যান নজরুল ইসলাম প্রকাশ্যে ১৫ লাখ টাকা দাবি করেন এবং কাজ চালিয়ে গেলে কর্মকর্তা-কর্মচারীদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৩ মে দুপুরে চেয়ারম্যান নজরুল ইসলাম, তার ছেলে আব্দুর রহমান ও স্থানীয় কয়েকজন মোটরসাইকেল বহর নিয়ে প্রকল্প সাইটে যান। সেখানে প্রকৌশলী জাহিদ হাসানকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হামলাকারীদের বাধা দিতে গেলে কিউরিং ম্যান ফেরদৌসকেও মারধর করা হয়। পরে প্রকৌশলী জাহিদের হাতে থাকা একটি অ্যাপল আল্ট্রা স্মার্টওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

মামলার বাদী দাবি করেন, পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ রয়েছে। আহত জাহিদ হাসান ও ফেরদৌস শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নিরাপত্তাহীনতায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে এবং সাইটে থাকা কোটি টাকার যন্ত্রপাতি ঝুঁকির মধ্যে রয়েছে।

এর আগে গত ১৩ মে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, খোলপেটুয়া, মালঞ্চ ও কালিন্দী নদীর তীররক্ষা এবং বাঁধ সংস্কারের গুরুত্বপূর্ণ প্রকল্পে স্থানীয়ভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, বর্ষার আগে বাঁধ নির্মাণ কাজ শেষ করা না গেলে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অর্থায়নের এই প্রকল্প বাধাগ্রস্ত হলে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজ আলী খান বলেন, বর্ষার আগে কাজ শেষ করা না গেলে পুরো উপকূলীয় এলাকা ঝুঁকির মুখে পড়বে। অথচ বারবার বাধা ও হুমকির কারণে কাজ চালানো কঠিন হয়ে পড়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আর যেদিন হামলার অভিযোগ আনা হয়েছে, ওই সময় আমি ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনে ছিলাম।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান বলেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া যায়। এর কয়েক দিন পর আবারও প্রকল্প এলাকায় অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

তিনি জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে। পাশাপাশি সরকারের চলমান এই প্রকল্প যাতে নির্বিঘেœ বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

Ads small one

সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ।

জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সহসভাপতি স্বপন কুমার শীল, জয়মহাপ্রভু সেবক সংঘের বিকাশ দাস, শিক্ষক সঞ্জয় দেবনাথ, শিক্ষক সঞ্জীব চক্রবর্তী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। ২৩৪ বছরের ঐতিহ্যবাহি সাতক্ষীরা মায়ের বাড়ির পুকুর ঘাট নির্মাণ অতি জরুরী প্রয়োজন। তাই তিনি এ পুকুর ঘাট নির্মাণ কাজের উদ্বোধনের পাশাপাশি সার্বিক সহায়তা দেওয়ার ব্যাপারে সার্বিক সহায়তা করে যাবেন।

শ্যামনগরে খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
শ্যামনগরে খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটী-মাদীয়া সংলগ্ন খোলপেটুয়া নদীর ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শন করেছেন ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপির উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (২৫ মে) সকাল ১০ টার দিকে তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোলাইমান কবির, আশেক ইলাহী মুন্না, পদ্মাপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, সাবেক সেনা সদস্য বুড়গোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম রুস্তম আলী, ইউনিয়ন যুবদলপর সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক ওহিদুজ্জামান প্রমুখ।

এসময় নদী ভাঙনের কারণে স্থানীয় মানুষের দুর্ভোগ, বসতভিটা ও ফসলি জমির ক্ষয়ক্ষতি সরেজমিনে ঘুরে দেখেন নেতৃবৃন্দ। এলাকাবাসী জানান, খোলপেটুয়া নদীর তীব্র স্্েরাত ও জোয়ারের চাপে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে নদী তীরবর্তী এলাকা। এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।

পরিদর্শনকালে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, “খোলপেটুয়া নদীর ভাঙন এখন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।”

তিনি আরও বলেন, উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সর্বশেষ পানিউন্নয়ন বোর্ডের সহযোগিতায় বালু ভর্তি জিও বস্তা ডাম্পিং করছেন, বিষয়ে তাদেরকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। পরিদর্শন শেষে দ্রুত ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক দায়রা জজ নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক দায়রা জজ নিহত

অনলাইন ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় আউয়াল সরকার নামের অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করছেন।

 

রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আউয়াল সরকারের বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ। পেশাজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় জজ হিসেবে কর্মরত ছিলেন। চাকরি শেষে তিনি গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান,গতকাল রোববার রাতে মোটরসাইকেল নিয়ে গাইবান্ধা শহর থেকে বাড়িতে ফিরছিলেন।

 

পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ মামলার প্রস্তুতি চলছে।