বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

শ্যামনগরে জমিজমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৪জন আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
শ্যামনগরে জমিজমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৪জন আহত

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ ১৪জন আহত হয়েছে। বুধবার সকালে পৌরসভার গোমানতলী এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলো গুমানতলী গ্রামের মো. আজিজুল গাজী, আজবাহার গাজী, আকবর আলী গাজী, সিদ্দিক গাজী, জাহানারা বেগম, তাসলিমা খাতুন, আজগার আলী, আমেনা খাতুন, ফজলুর রহমান, নাছিম হোসাইন ও আবু ইছা। তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায় আজিজুল গাজী ও তার প্রতিবেশী নজরুল গাজীর পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। তার জেরে বুধবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আইজুল গাজীদের পক্ষের ১১জন নজরুল গাজীদের পক্ষের ৩জন গুরুতর আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়।

আহত ফজলু গাজী বলেন, নজরুল গাজী ও মোশারাফসহ দেশীয় অস্ত্রধারী ১০-১২ জনের একটি দল আকবর গাজী ও সিদ্দিক গাজীকে গুমানতলি গাজী বাড়ি মসজিদের সামনে ফেলে বেধড়ক মারধর করে। এরপর রাস্তার উপর এসে আজিজুল গাজী ও আজবাহার গাজীকেও ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেয় হাত ভেঙে দেয়। সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে এবং পর্যায়ক্রমে ১১জনকে মারধর করে। দা, সাবল, চায়নিচ কুরাল দিয়ে ৫ জনের মাথায় কোপানোর পাশাপাশি কয়েক জনের হাত ভেঙ্গে দেয়। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরত ডাঃ স্নিগ্ধা বলেন, মারামারি সংক্রান্ত ১৪জন রোগী ভর্তি হয়েছিল। গুরুতর অবস্থা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১১জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মর্জিনা ও মোশাররফ বাদে অন্যদের কয়েজনের মাথায় গুরুতর জখম হয়েছে। বাকি ৪জন এখানে চিকিৎসাধীন আছেন।

এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান বলেন, জমি জমা সংক্রান্ত মারামারির বিষয়টি শুনেছি এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads small one

সাতক্ষীরা সদরে গবাদিপশু পালন বিষয়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরা সদরে গবাদিপশু পালন বিষয়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: যুব সমাজকে দক্ষ, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা সদর এর উদ্যোগে আয়োজিত গবাদিপশু পালন বিষয়ক ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে প্রান্তিক যুব সংঘের মোট ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন, যারা বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ সুগম করার সুযোগ পেয়েছেন।
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হকএবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম।
সাতদিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গবাদিপশু পালন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, টিকাদান পদ্ধতি এবং পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে নিজস্ব খামার গড়ে তুলতে সক্ষম হবেন এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠিত হতে পারবেন। এতে করে তাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নির্ধারিত ভাতা প্রদান করা হয়।

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে সমুদ্রে মাছ ধরা জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের গোডাউন হতে খাদ্য সহায়তা (চাল) বিতরণ করা হয়। গত ১৫ এপ্রিল হতে ৫৮দিন সমুদ্রে যান্ত্রিক নৌযান ব্যবহার করে মাছ ধরা নিষিদ্ধ, এ নিষিদ্ধ সময়ে মাছ ধরা হতে বিতরত থাকা জেলেদের মাঝে সরকার খাদ্য সহায়তা বাবদ চাল বরাদ্দ দিয়েছে।

সদর ইউনিয়নের ৩১২জন কার্ডধারী জেলেদের মাঝে ১৫টন ৬২০ কেজি চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। এসময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার কবিরুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি খায়রুল আহসান, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। কার্ডধারী জেলেরা সুষ্ঠুভাবে চাল বিতরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

 

কলারোয়ায় ফ্রন্ট নেতৃবৃন্দের সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
কলারোয়ায় ফ্রন্ট নেতৃবৃন্দের সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে এসময় ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। বুধবার সাবেক এমপি হাবিবের কলারোয়ার বাসভবনে আয়োজিত মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু), স্বপন কুমার পাল, নিশিত রায় চৌধুরী, প্রদীপ পাল(ঝুনি), চয়ন কুমার কুন্ডু, সরজিত, রঞ্জিত, সুকুমার ঘোষ, অমিত চৌধুরী প্রমুখ।