শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুর, বাণী আর দ্রোহের আবহে সাতক্ষীরার শ্যামনগরে সাড়ম্বরে সম্পন্ন হলো তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠান। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এর আগে, গত ২ জুলাই (বৃহস্পতিবার) সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই নজরুল বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, নজরুলগীতি, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানসহ নানা নান্দনিক কর্মসূচির মধ্য দিয়ে মুখরিত ছিল বিগত তিনটি দিন।
উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন।
সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুলের চিরন্তন সাম্য ও বিদ্রোহের গান, কবিতা ও দলীয় নৃত্য পরিবেশন করেন শ্যামনগর শিল্পকলা একাডেমি ও বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন মূলত অসাম্প্রদায়িকতা, মানবতা ও সাম্যের কবি। তাঁর সৃষ্টি ও আদর্শের আলোয় যদি আমরা পথ চলতে পারি, তবেই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ সম্ভব।”












