শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে ১৪ লাখ টাকার মালামাল লুট
পত্রদূত ডেস্ক: শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি গ্রামে এক বিজিবি সদস্যের বসতবাড়ির তালা ভেঙে প্রায় ১৪ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) দুপুরের দিকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিজিবি সদস্য জিএম মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিজিবি সদস্য মোস্তাফিজুর রহমান রবিবার দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে সন্ধ্যায় চোরেরা ঘরের মূল ফটক ও ভেতরের তালা ভেঙে প্রবেশ করে। পরে শয়নকক্ষের আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
খোয়া যাওয়া অলঙ্কারের মধ্যে রয়েছে একটি নেকলেস, দুটি রুলি, এক জোড়া কানের দুল, এক জোড়া রিং দুল, স্বর্ণের আংটি, চেইন ও পাঁচটি নাকফুল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ছাড়া আলমারি ও ড্রয়ারে রাখা নগদ ১ লাখ ৪১ হাজার ৩০০ টাকা এবং ব্যাংকের এটিএম কার্ডসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোর চক্র।
বিজিবি সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, “রাত সাড়ে ৯টার দিকে পরিবারসহ বাড়ি ফিরে আমরা চুরির বিষয়টি টের পাই। আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে। চুরির পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে, যা আমরা পুলিশকে হস্তান্তর করেছি।”
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “বিজিবি সদস্যের বাড়িতে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।”












