শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পি.এন. মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক সৌমিত্র কুমার জোয়ারদার এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুকুন্দ কুমার পাইক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকেরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল।
প্রধান অতিথি বিদ্যালয়ের পরিবেশ ও পরীক্ষার ফলাফল দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত অভিভাবকদের বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে অঙ্গীকার করান। পাশাপাশি বিদ্যালয়ের মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।









