বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সাতক্ষীরা উপকূলের বনজীবীরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কাউসার আজিজের মাধ্যমে তাঁরা এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলসহ মোট ১০টি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে দস্যুদের সহায়তাকারীদের শনাক্ত করা এবং সমন্বিত অভিযান পরিচালনার দাবিও রয়েছে।
গত ২৮ অক্টোবর থেকে সুন্দরবন উপকূলে এ দাবিতে আন্দোলন করছেন বনজীবীরা। সাতক্ষীরার গাবুরায় তাঁরা টানা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। সংকটের দ্রুত সমাধানে তাঁরা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্মারকলিপি প্রদানকালে বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক সালাউদ্দিন লিটন, সদস্য শফিকুল ইসলাম, আব্দুর রহিম ও খায়রুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত এবং বনজীবী সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।












