শ্যামনগরে ৮ হাজার জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
শ্যামনগর প্রতিনিধি: সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকার সময়ে উপকূলীয় জেলেদের সহায়তায় সাতক্ষীরার শ্যামনগরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এবার উপজেলার ৮ হাজার ৩২৪ জন নিবন্ধিত সমুদ্রগামী জেলের মাঝে এই সহায়তা দেওয়া হচ্ছে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে মৎস্য আহরণ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের এই সহায়তা দেওয়া হচ্ছে।
দুপুর সাড়ে ১২টায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। উদ্বোধনী দিনে ১৩৬ জন জেলের প্রত্যেককে ৭৭ কেজি ৩০০ গ্রাম করে চাল দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তালিকার বাকি জেলেদের চাল নিজ নিজ ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হবে।
চাল বিতরণকালে ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে জীবনধারণে সংকটে না পড়েন, সে জন্যই সরকারের এই বিশেষ বরাদ্দ। পর্যায়ক্রমে সব নিবন্ধিত জেলের কাছে এই চাল পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহিদুর রহমান, উপজেলা বিএনপির নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, সুলাইমান কবির, শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির প্রমুখ।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতিবছর এই নির্দিষ্ট সময়ে সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এই সময়ে জেলেদের জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই চাল বরাদ্দ দেওয়া হয়।






