সড়কের পাশের সরকারি গাছ কেটে ত্রিশ হাজার টাকায় বিক্রি
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে নিয়ে ত্রিশ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের লিয়াকত চেয়ারম্যানের বাড়ি হতে চালতেঘাটা বাজার সংযোগ সড়কের পাশ থেকে রোববার সকালে ঐ গাছ কাটা হয়। স্থানীয় জামায়াত নেতা সামছুদ্দিন গাজীর নেতৃত্বে স্থানীয়রা ঐ গাছ কেটে দেউলিয়া গ্রামের আজিজের পুত্র আমিনুর রহমানের কাছে বিক্রি করে। এঘটনা জানাজানি হলে গাছ কাটা ও বিক্রির সাথে জড়িতরা স্থানীয় দুই বিএনপি নেতাকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধেরও চেষ্টা করেন বলেও অভিযোগ।
আব্দুর রশিদসহ স্থানীয়রা প্রায় ত্রিশ বছর পুরানো ঐ গাছটি ইতিপুর্বে একাধিকবার স্থানীয়রা চুরি করে কাটার উদ্যোগ নেয়। তবে নানা কারনে এলজিইডি রাস্তার পাশে থাকা উক্ত গাছ কাটতে ব্যর্থ হওয়ার পর আকস্মিকভাবে রোববার সকালে সাতজন শ্রমিক দিয়ে সামছুদ্দিন গাছটি কেটে নেয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে গাছটি আটক করে। এসময় গাছ কাটার সাথে জড়িতরা দ্রুত পালিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক আমিনুর জানান আমাদের ডেকে নিয়ে সামছুদ্দিন মাস্টার গাছটি কেটে নেয়। বিনিময়ে তিনি উক্ত শ্রমিকদের ১৩ মণ জ্বালানী প্রদান করে।
অভিযোগের বিষয়ে জানার জন্য সামছুদ্দিন গাজীকে বার বার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আবু বক্কার জানান ইতিমধ্যে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) স্যারকে জানানো হয়েছে। স্যারের পরামর্শ পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।






