সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিনিধি: প্রখর রোদ উপেক্ষা করে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে বৃক্ষরোপণ করেছেন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা। ২১ আগস্ট সকালে সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের দুই পাশে মৎস্যঘেরের পাড়ে বিভিন্ন লবণসহিষ্ণু গাছের চারা রোপণ করেন তাঁরা।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততা, অতিরিক্ত তাপমাত্রা, জলাবদ্ধতা ও ঘূর্ণিঝড়সহ নানা ধরনের ঝুঁকি বাড়ছে। এই বাস্তবতায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণের পর চারাগুলোকে সুরক্ষিত রাখতে পাশে বাঁশের চটা দেওয়া হয় এবং তাতে লাল কাপড় বেঁধে পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়।
সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস জানান, সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। তাই পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই তাঁদের এই নিয়মিত প্রয়াস।
বন্ধুসভার সহসভাপতি রুহুল আমিন ময়না জানান, গাছ লাগানোর পর তা বাঁচিয়ে রাখতে ধৈর্য ও নিয়মিত পরিচর্যা প্রয়োজন। প্রত্যেকে যদি অন্তত একটি গাছের দায়িত্ব নেন, তবে পুরো এলাকা দ্রুতই সবুজে ভরে উঠবে।
সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ জানান, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশের ক্ষতি হ্রাস করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, সহসভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা ও রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।






