সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তলব
পত্রদূত ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন এবং গত ২৫ বছর ধরে কোনো ভবন নির্মিত হয়নিÑএমন বিদ্যালয়ের হালনাগাদ তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৪ মে’র মধ্যে নির্ধারিত ছকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, অতি পুরোনো, ফাটল ধরা, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বা কর্তৃপক্ষ কর্তৃক অকেজো ঘোষিত ভবনগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করতে হবে। এ ছাড়া যেসব স্কুলে আলাদা টিনশেড বা অস্থায়ী কক্ষ রয়েছে, সেগুলোকেও পুনর্র্নিমাণের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, যেসব বিদ্যালয়ে দীর্ঘ ২৫ বছর ধরে নতুন ভবন হয়নি, সেগুলোর তালিকা ই-মেইল ও হার্ড কপিতে পাঠাতে হবে। তালিকায় শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা, ইএমআইএস কোড ও সীমানা প্রাচীরের অবস্থাসহ বিস্তারিত তথ্য থাকতে হবে।









