সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর স্কুলে সচেতনতামূলক সেমিনার
নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তির নিরাপদ ব্যবহার ও শিক্ষার্থীদের ভার্চুয়াল জগতে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ‘সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম’-এর উদ্যোগে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বর্তমান সময়ের অন্যতম প্রধান সামাজিক ব্যাধি—অনলাইন ব্ল্যাকমেইল, সাইবার বুলিং, আইডি হ্যাকিং, অনলাইন জুয়া, ডিজিটাল প্রতারণা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান। তিনি বলেন, বর্তমান যুগে কেবল প্রযুক্তি দক্ষতাই যথেষ্ট নয়, সাইবার অপরাধের ফাঁদ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে সচেতনতা বাধ্যতামূলক।
সেমিনারে সাইবার জগতের অন্ধকার দিক ও আইনি প্রতিকার নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, উইমেন্স সাপোর্ট সদস্য তাহিরা সুলতানা মিম, সাইবার এক্সপার্ট পল্লব ব্যানার্জী এবং টিমের সদস্য মো. তানভীর আহমেদ। বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা এবং সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। মূল আলোচনা শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার সমাধান জেনে নেয়।










