সাজা শেষে ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি
বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে পাচার হওয়া চার পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ ৯ বাংলাদেশি সাজাভোগ শেষে আড়াই বছর পর দেশে ফিরেছেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাতটার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেনÑমুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস ম-ল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বচার। তাঁরা নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে ৯ বাংলাদেশি আড়াই বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। সেখানে বাসা-বাড়ি ও খেতখামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তাঁরা। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। সাজাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাঁদের ছাড়িয়ে নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখে।
বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফেরার পর তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেবে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, ফেরত আসা ব্যক্তিদের প্রথমে নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখা হবে, পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











