সাতক্ষীরায় ইয়াবা ও গাজাসহ ১০জন গ্রেপ্তার, একাধিক স্পটে অভিযান
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় মাদক কারবারি ও সেবনকারীদের আখড়া উচ্ছেদে সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে পুলিশের আকস্মিক ‘ঝটিকা অভিযান’। পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের নির্দেশে গত ২৭ জুলাই থেকে সপ্তাহব্যাপী এই সাঁড়াশি তৎপরতা শুরু হয়।
এরই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান এর নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের রাজার বাগান কলেজ এলাকা, কলেজ মাঠ, পলাশপোল, ইটাগাছা, কাটিয়া ও লাবসা এলাকায় তল্লাশি চালানো হয়। এছাড়া আশাশুনিতে ৪ জন এবং কলারোয়ায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানা সুত্র জানায়, অভিযানকালে কাটিয়া এলাকা থেকে মো. খোরশেদ আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। খোরশেদ কলারোয়া উপজেলার তলুইগাছা গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যায়। অন্যদিকে কদমতলা নলকুড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে সাবিনাকে গ্রেপ্তার করা হয়। সাবিনা স্থানীয় সিরাজুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মাদক নির্মূলে জেলাজুড়ে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে আশাশুনিতে পুলিশের পৃথক অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ৫০০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩০ জুলাই দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান জানান, ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাঁচা বাজার চান্নি এলাকায় সাকিল মোড়লের সততা জুতার দোকানে অভিযান চালিয়ে তাকে ১৮ পিস ইয়াবা ও নগদ ৭ হাজার টাকাসহ আটক করা হয়। একই স্থান থেকে গ্রেপ্তার হন মো. সাইফুল সরদার।
একই দিন রাত ১১টার দিকে বড়দল বাজার এলাকা থেকে ২০ পিস ইয়াবা ও ২ হাজার ৫০০ টাকাসহ মোস্তফা মোল্যা ও জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অপরদিকে কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের সাইফুল ইসলাম (৪০), সাতক্ষীরা সদরের ওয়ারিয়া গ্রামের নোজাইম হোসেন (৩০), দক্ষিণ ভাদিয়ালী গ্রামের ছট্টু (৪৫) এবং বাগাডাঙ্গা গ্রামের আনিছুর রহমান মিঠু (৩৮)। এদের মধ্যে ছট্টু ও আনিছুর চিহ্নিত মাদক কারবারি। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।









