সাতক্ষীরায় এইচএসসিতে পাসের হার ৪৩.৪৫%, ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সাতক্ষীরা জেলায় পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। জেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১১ হাজার ৫৯১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন।
শনিবার (৩১ অক্টোবর) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
এবার সাতক্ষীরা জেলার দুটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। কলেজ দুটি হলো সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ ও শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজ। ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন এবং এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। তাঁদের পাসের হার প্রায় ৩৬ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৮৭৯ জন। তাঁদের পাসের হার প্রায় ৫০ দশমিক ৮০ শতাংশ।









