বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল

সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর ও সদর শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের শহীদ আসিফ চত্বর (খুলনা রোড মোড়) এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান মাওলানা মশাররফ হোসেন।

সভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা সহকারি সেক্রেটারী প্রভাষক ওসর ফারুক, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিব সভাপতি মেহেদি হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, পৌরসহকারী সেক্রেটারী এড আবু তালেব, ছাত্র নেতা আব্দুর রহিম, মাওরানা মনিরুল ইসলাম ফারুকি প্রমুখ।

বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

 

Ads small one

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালি

পত্রদূত ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরে ম্যারাথন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকালে র‌্যালিটি শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরান একাডেমি চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে অবস্থিত খুলনা রোডের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।

ম্যারাথন র‌্যালিতে নেতৃত্ব দেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান এবং সেক্রেটারি নুরুন নবী। এতে শহর শাখার নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে শিবির নেতারা বলেন, “সারাদেশে আমরা যে চিত্র দেখেছি, তা অবশ্যই পরিকল্পিত। যাতে মানুষের মন থেকে জুলাইয়ের স্মৃতি মুছে যায়। আমরা বিশ্বাস করি, এই অপকর্মগুলো তারাই করেছে, যারা এ দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় মেনে নিতে পারছে না।”

তারা আরও বলেন, “অনেক প্রাণের বিনিময়ে এবং ত্যাগ, জুলুম ও নির্যাতন সহ্য করে দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘মেধা না কোটা’ নীতির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। যে জাতি মেধার যথাযথ কদর ও মূল্যায়ন করবে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না।

ম্যারাথন র‌্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানি প্রদান

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহতদের সম্মানি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভা থেকে এসময় ৪ জন শহিদ পরিবারের মাঝে মাথাপিছু ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং আহতদের মাঝে মাথাপিছু ৫০০ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়। ৪ জন শহীদ পরিবারসহ সর্বমোট ১০১ জনের মাঝে এ সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওঃ আজিজুর রহমানসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভার শেষ পর্যায়ে গণঅভ্যুত্থানে শহীদ ৪ জন শহিদ পরিবার ও আহত ৯৭ জন জুলাই যোদ্ধাকে সম্মানি প্রদানের জন্য জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বক্তব্য শেষ করার পর পুলিশ সুপার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমকে মঞ্চে ডেকে নেয়া হয়। সম্মানি বিতরণের সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুইজন মঞ্চে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উক্ত সম্মানী উপহার বিতরণ করেন।

 

এসময় উপস্থিত অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য দেন। এরআগে সকাল ৯টায় সাতক্ষীরা শহরের পুরাতন ডাবাংলোয় অবস্থিত জুলাই স্মৃকিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।

 

নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় একটি বাল্কহেডসহ দুই জনকে আটক করে স্থানীয়রা। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০ দিকে উপজেলার ঝাঁপালি এলাকা থেকে বাল্কহেডটি আটক করে নওয়াবেঁকী ফেরিঘাটে নিয়ে যায়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন রাত ১২ টার সময় ঘটনা স্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম, সেকেন্ড অফিস বিপ্লব হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, সালাম ও নাহিদসহ কয়েকজন ব্যক্তি অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় বাল্কহেডটি আটক করেন।

বালু উত্তোলন কারিরা বলেন, শ্যামনগর উপজেলায় নদী থেকে অহরহ বালু উত্তোলন করা হলেও তাদের আটক করা হয় না। কালীগঞ্জ উপজেলা বাল্কহেড হওয়ায় তারা বাল্কহেড আটক করেছে। তারা আরও বলেন, নাহিদ নামের একটা ব্যক্তিকে প্রতি ফুট বালু বাবদ আড়াই টাকা করে দিয়ে এর আগেও বালু উত্তোলন করেছেন। কিছু দিন পরে আবার বালু কাটতে আসলে তাদের বাল্কহেডটি আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় অভিযুক্ত শেখ সাগরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর তীরবর্তী এলাকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।