সাতক্ষীরায় ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
পত্রদূত ডেস্ক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের রসুলপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কোরআনখানি, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় ফাউন্ডেশনের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী মো. জাহিদুর রহমান শোভনের সঞ্চালনায় বক্তব্য দেন ফাউন্ডেশনের আজীবন সদস্য শেখ মোয়াজ্জেম হোসেনসহ অতিথিরা। বক্তারা বলেন, শিশু চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় ডা. এম আর খানের অবদান স্মরণীয়। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর উদ্যোগ এবং শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আজও ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের সাতক্ষীরার বিভিন্ন শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর অংশ হিসেবে মথুরাপুর শাখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে ২৭৪ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৯৩ জনের ছানি অস্ত্রোপচার এবং ১২ জনের নালি অস্ত্রোপচারের জন্য তালিকা করা হয়। শিবির উদ্বোধন করেন লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। এর আর্থিক সহযোগিতা করেন শেখ মোয়াজ্জেম হোসেন।
দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডা. এম আর খানের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর মানবসেবা ও শিশু কল্যাণের আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।



